১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

tiff25-1757064049

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরের পর্দা উঠছে আজ। আজ (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এতে অংশ নিচ্ছে ২৯১টি চলচ্চিত্র।

বিগত বছরের তুলনায় বেশ জাঁকজমকভাবেই এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। টানা দশ দিনব্যাপী এই আয়োজনে আন্তর্জাতিক তারকাদের মিছিল, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজন নিয়ে উৎসবমুখর হয়ে উঠবে টরন্টো শহর। নির্বাচিত হয়েছে বিশ্বের নানা দেশের চলচ্চিত্র।

আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে– ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। এর মধ্যে বেশ কিছু বহুল আলোচিত সিনেমার প্রিমিয়ার হবে উৎসব প্রাঙ্গণে।

শুধু সিনেমাই নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ডেভিড পেকট স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় থাকছে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী। এছাড়াও ‘ফেস্টিভ্যাল স্ট্রিট’ এর দশম বর্ষে কিং স্ট্রিট ওয়েস্টকে (পিটার স্ট্রিট থেকে ইউনিভার্সিটি এভিনিউ পর্যন্ত) রূপ দেওয়া হবে শুধুই পথচারীদের জন্য এক বিনোদনমেলায়। ৫-৮ সেপ্টেম্বর চার দিনব্যাপী চলা এ আয়োজন ঘিরে থাকবে গান, বিভিন্ন ধরনের খাবার ও সংস্কৃতির উচ্ছ্বাস।