১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

স্যান্ডউইচ বিক্রি থেকে কোটি টাকার সিনেমায় নায়িকা

WhatsApp Image 2025-09-02 at 8.34.46 PM

বর্তমানে বলিউডের সবচেয়ে সফল ও আলোচিত নায়িকাদের তালিকায় অন্যতম নাম শ্রদ্ধা কাপুর। গত বছর মুক্তি পাওয়া তাঁর সিনেমা হয়ে উঠেছিল সর্বাধিক ব্যবসাসফল ছবি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ একাই আয় করে প্রায় ৯০০ কোটি রুপি। শুধু রুপালি পর্দার তারকা হিসেবেই নয়, উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শ্রদ্ধা। অথচ একসময় বিদেশের শহরে কফি বানানো আর স্যান্ডউইচ বিক্রি ছিল তাঁর কাজ।

সংগ্রামের দিনগুলো

মুম্বাইয়ে জন্ম নেওয়া শ্রদ্ধা ছোট থেকেই সিনেমার আবহে বড় হয়েছেন। পড়াশোনার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল মনোবিজ্ঞান। কিন্তু খুব দ্রুতই বুঝতে পারেন, ক্লাসরুম তাঁকে টানছে না—তাঁর মন পড়ে আছে অভিনয়ের জগতে। দেশে ফেরার আগে জীবিকার জন্য করেছেন নানান খণ্ডকালীন কাজ। কখনো কফি শপে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কফি বানিয়েছেন, কখনো স্যান্ডউইচ বিক্রি করেছেন। পরবর্তী সময়ে তিনি স্বীকার করেছেন, সেই অভিজ্ঞতাই তাঁকে আত্মনির্ভরতা শিখিয়েছে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছে, যা তাঁর অভিনয় ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বলিউডে যাত্রা

২০১০ সালে ‘তিন পাত্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্রদ্ধার। প্রথম ছবিটি তেমন সাড়া না ফেললেও ২০১৩ সালে ‘আশিকি ২’-এর মাধ্যমে বদলে যায় সবকিছু। আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। গান, গল্প আর তাঁর অভিনয়—সব মিলিয়ে ছবিটি শ্রদ্ধাকে পৌঁছে দেয় ঘরে ঘরে। এরপর আসে একের পর এক ছবি—‘এক ভিলেন’, ‘হায়দার’, ‘ওকে জানু’, ‘ছিছোড়ে’, ‘স্ত্রী’। প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করেন নিজের অভিনয়ের বহুমাত্রিকতা।

ব্লকবাস্টার ‘স্ত্রী ২’

ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০২৪ সালে। হরর-কমেডি ‘স্ত্রী ২’ দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৮৮৪ কোটি রুপি। আর সেই সাফল্য শ্রদ্ধাকে নিয়ে যায় শীর্ষ আয়ের তারকাদের কাতারে, যেখানে আগে জায়গা করে নিয়েছেন হাতে গোনা কয়েকজন অভিনেত্রীই।

অভিনয়ের বাইরেও ভিন্ন পরিচয়

শ্রদ্ধা কাপুর কেবল অভিনয়েই সীমাবদ্ধ নন, বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক জগতেও নিজের অবস্থান তৈরি করছেন। সম্প্রতি তিনি অলংকার খাতে বিনিয়োগ করেছেন। সিনেমা ও ব্যবসা—দুটি ভিন্ন দুনিয়ায় একসঙ্গে পথ চলা তাঁকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছে।

শ্রদ্ধার ভাবনা

সিনেমা নিয়ে শ্রদ্ধার দৃষ্টিভঙ্গিও আলাদা। তাঁর মতে, একটি চলচ্চিত্র সমাজের প্রতিচ্ছবি বহন করে। ওটিটি আসার অনেক আগে থেকেই নারীকেন্দ্রিক ও ভিন্নধর্মী সিনেমা সফল হয়েছে—এ কথাই তিনি বারবার তুলে ধরেন। তবে একইসঙ্গে স্বীকার করেন, অনেক প্রস্তাবে তাঁকে গৌণ চরিত্রের অফার দেওয়া হয়েছিল। শ্রদ্ধা চান দর্শক তাঁকে শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে দেখুক। ভবিষ্যতে তিনি লতা মঙ্গেশকর ও পদ্মিনী কোলহাপুরীর বায়োপিক সিনেমায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

রেকর্ড পারিশ্রমিকের পথে

‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধা নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন প্রায় দ্বিগুণ। জানা গেছে, একতা কাপুরের প্রযোজনায় আসন্ন একটি থ্রিলার সিনেমার জন্য তিনি দাবি করেছেন ১৭ কোটি রুপি। শুধু তাই নয়, সিনেমার লাভের অংশ থেকেও ভাগ চান তিনি। আগে যেখানে তাঁর পারিশ্রমিক ছিল ৮-৯ কোটি রুপি, সেখানে এই শর্ত মেনে নিলে শ্রদ্ধা হয়ে উঠবেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে প্রযোজকপক্ষ নাকি ইতিমধ্যেই সম্মত হয়েছে।

Advertisements