১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

বিশ্বাসযোগ্য চরিত্রে দর্শকের মনে থাকতে চান তটিনী

WhatsApp Image 2025-09-01 at 6.31.16 PM

এই প্রজন্মের অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী স্বল্প সময়েই ভালো ভালো কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটক ও ওয়েব কনটেন্টের শুটিং নিয়েই এখন তার ব্যস্ত সময় কাটছে। আগামী মাসে তিনি ওটিটির জন্য নতুন একটি কাজে যুক্ত হতে যাচ্ছেন।

সম্প্রতি রাজধানীতে এক ঘণ্টার একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তটিনী। এ নাটকে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। সহশিল্পী হিসেবে অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তটিনী গণমাধ্যমে জানান, “অপূর্ব ভাই ভীষণ সাপোর্টিভ। অনেক সহযোগিতা করেন। তার সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি।”

চলতি নাটকে তটিনীর চরিত্র সম্পর্কে তিনি জানান, এটি চঞ্চল ও চটপটে একটি চরিত্র, যেখানে নতুনত্ব রয়েছে। তবে নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি।

শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট’ নামের আরেকটি নাটকের শুটিংও শেষ করেছেন তটিনী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ৯০ দশকের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে থাকছে পত্র মিতালির গল্প। তটিনীর ভাষায়, “শিহাব শাহীন ভাইয়ের কাজ থেকে অনেক কিছু শেখা যায়। এই নাটকটি আমার জন্য চ্যালেঞ্জ ছিল।”

এছাড়া সিনেমাওয়ালার ব্যানারে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন। আশ্রমকেন্দ্রিক এই নাটকের নামও এখনো চূড়ান্ত হয়নি। তটিনী বলেন, “গল্পটা আশ্রমে বেড়ে ওঠা এক মেয়েকে ঘিরে। তার জীবনে অনেক গল্প আছে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

তটিনীর মতে, দর্শকরাই শিল্পীর জুটি বানিয়ে দেন। তিনি জানান, ইয়াশ রোহানের পাশাপাশি আরও অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন এবং সেসব নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে।

অল্প কয়েক বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করলেও বড়পর্দায় এখনো অভিষেক ঘটেনি তার। এ প্রসঙ্গে তটিনী বলেন, “এখন নাটকেই মনোযোগ দিতে চাই। ভালো গল্প, চরিত্র আর পরিচালক ছাড়া বড়পর্দায় যেতে চাই না। তবে ইচ্ছে আছে।”

অভিনয়ের প্রতি নিজের উপলব্ধি জানাতে গিয়ে তিনি বলেন, “অভিনয়ে শেখার শেষ নেই, আরও শিখতে চাই। যত শিখব, তত ভালো কিছু করতে পারব।”

বর্তমানে প্রতিদিন শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন তটিনী। তার ভাষায়, “এখন প্রতিদিন শুটিং না থাকলে ভালো লাগে না। বরং প্রতিদিন শুটিং থাকলেই ভালো লাগে।”

Advertisements