বাংলাদেশের শর্টফিল্ম ‘লোক’ এবার আমেরিকার ফ্যান্টাস্টিক উৎসবে

একদল তরুণ চাকরিজীবী শখ আর স্বপ্ন থেকে শুরু করেন একটি ক্ষুদ্র ফিল্ম কালেকটিভ— ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স’ (এফএনএফ)। ছোট বাজেট ও সীমিত পরিসরে বন্ধুদের নিয়ে নির্মাণ করেন ১০টি শর্টফিল্ম। আর সেখান থেকেই আত্মপ্রকাশ করে চলচ্চিত্র ‘লোক’।
যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে সবচেয়ে বড় ফিল্ম উৎসব ফ্যান্টাস্টিক ফেস্ট -এর ২০তম আসর। এ উৎসবটি আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উৎসবের ফ্ল্যাগশিপ বিভাগ ফ্যান্টাস্টিক শর্টস-এ লড়বে বাংলাদেশের এই শর্টফিল্ম।
মাহমুদা সুলতানা রীমার পরিচালনায় নির্মিত হয়েছে এই শর্টফিল্ম টি। সাভারের একটি এলাকায় চিত্রায়িত হয়েছে শর্টফিল্মটি। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। এছাড়া আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।
মাহমুদা সুলতানা রীমা বলেন, এর আগে একাধিক শর্টফিল্ম বানালেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি তাঁর প্রথম কাজ। তিনি আরও বলেন, ‘লোক আসলে একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার মাধ্যমে সমাজের কিছু দিক রূপকভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি। বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়েছি, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের সিনেমা অংশ নিচ্ছে-এটা সত্যিই বড় প্রাপ্তি।’
চিত্রনাট্যকার ও এফএনএফ’র মুখপাত্র শেখ কোরাশানী বলেন, ‘আমাদের এই স্বপ্নের প্রোজেক্ট যে আলোর মুখ দেখবে, সেটাই ভাবিনি। এখন একে একে আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়া সত্যিই আনন্দের। এর আগে ‘সোলমেট’ নির্বাচিত হয়েছিল রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যালে, আর এবার ‘লোক’ যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টে। এই অর্জনগুলো আমাদের পরবর্তী কাজের জন্য বড় অনুপ্রেরণা।’



