বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিনোদন

অজানা কথা নিয়ে সাবিনা ইয়াসমিনের প্রামাণ্যচিত্র ‘জুঁই ফুল’

WhatsApp Image 2025-08-27 at 6.12.11 PM

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন’। এতে উঠে এসেছে তাঁর দীর্ঘ শিল্পীজীবনের নানা অজানা দিক ও স্মৃতি।

বরেণ্য এই কণ্ঠশিল্পীর জন্মদিন ৪ সেপ্টেম্বর। এর পরদিন, অর্থাৎ ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রটি।

সাবিনা ইয়াসমিন এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “তথ্যচিত্রটি দেখে আমি মুগ্ধ হয়েছি। সিরাজ ভাই এত সুন্দরভাবে নির্মাণ করবেন, তা সত্যিই কল্পনা করিনি। এতে আমার সংগীত জীবনের অনেক অজানা তথ্য উঠে এসেছে। যেমন—আমার আসল নাম দিলশাদ ইয়াসমিন, সেটা অনেকেই জানেন না; আবার নায়ক জাফর ইকবাল ছোটবেলায় আমাদের স্কুলের অনুষ্ঠানে তবলা বাজাতেন—এসব বিষয়ও এসেছে।”

তিনি আরও যোগ করেন, “এ তথ্যচিত্রে বিরক্তির কোনো জায়গা নেই। দর্শক-শ্রোতারা হয়তো নতুনভাবে আমাকে চিনবেন।”

Advertisements

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে রয়েছে দীর্ঘ সাক্ষাৎকার, ভিডিওচিত্র, গান ও ব্যক্তিগত স্মৃতিচারণ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা, সুজাতা ও রোজিনা এতে সাবিনা ইয়াসমিনের গান নিয়ে তাদের অভিমত জানিয়েছেন।

এছাড়া কণা, কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন তাঁর বাছাই করা ১২টি জনপ্রিয় গান।

প্রামাণ্যচিত্রের নির্মাতা শাইখ সিরাজ বলেন, “সাবিনা ইয়াসমিন প্রায় ১৫ হাজার গান গেয়েছেন। এর মধ্যে মাত্র ১২টি গান বাছাই করা সত্যিই কঠিন কাজ ছিল। এ প্রজন্মের শিল্পীরা তাঁর সামনেই গানগুলো গেয়েছেন। তথ্যচিত্রে আমরা কাছ থেকে তাঁর জীবন ও শিল্পীসত্তা দেখতে পেরেছি।”

Advertisements