টাঙ্গাইলে স্ত্রীর নৃ/শংস হত্যাকাণ্ড, মহিলা পরিষদের তীব্র প্র/তিবাদ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। আবদুল লতিফ নামে এক ব্যক্তি নিজের স্ত্রীকে গলায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার সংগঠনের বিবৃতিতে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও আইনগত শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি এই ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সমাজের সকল স্তরকে সম্পৃক্ত করে সমন্বিত সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আবদুল লতিফ এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী এক সপ্তাহ আগে বাবার বাড়ি চলে যান। গত রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন। পরদিন সোমবার দুপুরে ঘরে শোয়া অবস্থায় স্ত্রীকে খাটের উপর গলায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
মহিলা পরিষদ বিবৃতিতে উল্লেখ করেছে, দেশের বিভিন্ন অঞ্চলে নারীরা পরিবারিক কলহ ও স্বামীর হাতে নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো নারীর নিরাপদ জীবনযাপনকে হুমকির মুখে ফেলছে। সংগঠন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা ও আন্দোলনের মাধ্যমে এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।



