১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা

jor

নয় বছরের দীর্ঘ প্রেম এবার আনুষ্ঠানিকতার পথে। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন জর্জিনা। বহুদিন একসঙ্গে থাকার পর তাদের সংসার আগেই আলো করেছে দুই সন্তান, সঙ্গে আছে রোনালদোর আগের তিন সন্তান।

ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে। আঙুলে হীরার আংটি পরে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের হিসেবে, আংটিটি ১০–১৫ ক্যারেটের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

রোনালদো এর আগে একাধিকবার বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’ -তে। সেখানে তিনি বলেছিলেন, “যখন সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা। যা রূপ নেয় প্রেমে। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক। যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭, সারোগেসি), আলানা (২০১৭), বেলা (২০২২) এবং রোনালদোর জ্যেষ্ঠ পুত্র রোনালদো জুনিয়র (২০১০)। তবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

এখন আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, কবে ও কোথায় হবে বিয়ে? শুধু কি ঘনিষ্ঠ মহলে, নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজনে? রোনালদো-জর্জিনার গল্পে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা তাকিয়ে আছে তাদের স্বপ্নের বিয়ের দিনটির দিকে।