১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
রূপ-সৌন্দর্য

আইসিসিবিতে কসমেটিকস, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনী

আইসিসিবিতে কসমেটিকস, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনী

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনী। আগামী ৮ ও ৯ আগস্ট রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘ কসমেটিকা: পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’।

দেশ-বিদেশের খ্যাতনামা প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে হতে যাচ্ছে এই আয়োজন। কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশএতে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, দেশের প্রসাধনী ও হাইজিন পণ্যের বাজার বর্তমানে ৩৪ হাজার কোটি টাকার বেশি। এই খাতে রয়েছে কালার কসমেটিকস, সাধারণ ও মেডিকেটেড স্কিনকেয়ার পণ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৭৩ লাখ, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নিয়মিত প্রসাধনী ব্যবহার করেন।

প্রদর্শনীতে থাকবে শতাধিক ব্র্যান্ডের স্টল, লাইভ ডেমোনস্ট্রেশন, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে প্রযুক্তির ব্যবহার, নতুন বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

আয়োজনটির মূল উদ্দেশ্য হলো মানসম্পন্ন ও নিরাপদ প্রসাধনী ব্যবহারে সচেতনতা তৈরি করা এবং নকল ও কালোবাজারি পণ্যের প্রভাব রোধে করণীয় নিয়ে আলোচনা।

আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, “ এই প্রথমবারের মতো আমরা পার্সোনাল কেয়ার ও হাইজিন খাতের সব স্টেকহোল্ডারকে একত্রে আনতে কাজ করছি। এই আয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং সঠিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরবে।”

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Advertisements