বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

অস্ট্রেলিয়া লিগে ঋতুপর্ণার ডাক

অস্ট্রেলিয়া লিগে ঋতুপর্ণার ডাক

২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন ঋতুপর্ণা চাকমা।

এরই ধারাবাহিকতায় ইউরোপের মেসিডোনিয়া থেকে ডাক পেলেও আর এগোয়নি। ভুটানের বিভিন্ন ক্লাব থেকে ডাক পান অনেক বাংলাদেশি ফুটবলার যারা বর্তমানে সেখানে খেলছেন। ঋতুপর্ণা খেলছেন ভুটানের পারো এফসিতে এবং প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। এবার তার অস্ট্রেলিয়ার একটি ক্লাব থেকে এসেছে খেলার প্রস্তাব এসেছে।

বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সহ-সভাপতি ফাহাদ করিম এক বেসরকারি টেলিভিশনকে জানান অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব ঋতুপর্ণাকে ডাক দিয়েছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় এবং এর পেছনে রয়েছে কিছু শর্ত। যদিও সেই শর্তগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য নেই। ফাহাদ করিম আরও জানান, শুধু অস্ট্রেলিয়া নয় এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেও আলোচনা চলছে বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে। তিনি বলেন,“ আগামী বছর এশিয়া ও ইউরোপের অনেক ক্লাবে আমাদের মেয়েদের দেখা যেতে পারে।”

তবে ঋতুপর্ণার অস্ট্রেলিয়া যাত্রা বাস্তবে রূপ নাও নিতে পারে বাফুফের জাতীয় দল সংক্রান্ত পরিকল্পনার কারণে। মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপের আসর। এতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরু করার ঘোষণা দিয়েছে বাফুফে। এ ছাড়া বছরের শেষ দিকে দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল লিগ এবং অন্তত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। ফলে জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে হয়তো ঋতুপর্ণাকে এই সময়ে দেশের বাইরে খেলতে দিতে চাইবে না।

নারী