বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

মাইলস্টোনে কাউন্সেলিং ও মেডিকেল ক্যাম্প চালু

মাইলস্টোনে কাউন্সেলিং ও মেডিকেল ক্যাম্প চালু


রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজে সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মানসিক সংকট। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও মানসিক স্থিতি ফিরিয়ে আনতে বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য জানান। তিনি বলেন, “ দুর্ঘটনার পর শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের পাশে দাঁড়াতে অভিজ্ঞ কাউন্সেলরদের সমন্বয়ে একটি বিশেষ কাউন্সেলিং ইউনিট চালু করা হয়েছে। ”

এই কাউন্সেলিং সেবা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ ভবনের নির্ধারিত স্থানে প্রদান করা হচ্ছে। যেসব শিক্ষার্থী আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপে ভুগছে, তারা সরাসরি এই সেবা নিতে পারবে।

এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে।

শাহ বুলবুল আরও জানান, “ আমরা শিক্ষার্থীদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কাউন্সেলিং ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ”

এদিকে দুর্ঘটনার প্রভাব বিবেচনায় নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. মাসুদ আলম জানান, “ আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। ”