সকালের নাশতা কেন গুরুত্বপূর্ণ

সকালের নাশতা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকে ভাবেন না খেলেও চলে! কিন্তু আসলে দিনের শুরুটা ঠিকভাবে করতে হলে সকালে পেট ভরে স্বাস্থ্যকর কিছু খাওয়া খুব দরকার। এটি শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং আমাদের শরীর, মন এবং পুরো দিনের কাজের জন্য শক্তি জোগায়।
ঘুমের মধ্যে আমরা অনেক ঘণ্টা না খেয়ে থাকি। সকালে উঠে আমাদের শরীরের দরকার নতুন শক্তি। আর এই শক্তির জোগান দেয় নাশতা। সঠিক সময়ে নাশতা না করলে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হতে পারে।
নাশতা না করলে যে সমস্যা হতে পারে
বিপাকের গতি কমে যায় – সারারাত না খেয়ে থাকার পর শরীরের বিপাক প্রক্রিয়া আবার শুরু করতে হয়। নাশতা না করলে এটি ধীরগতির হয়ে পড়ে, ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
অতিরিক্ত ক্ষুধা ও বেশি খাওয়া – যদি সকালের নাশতা বাদ দেন, তাহলে দুপুর কিংবা রাতের খাবারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয়। বিশেষ করে চিনি আর তেলেভাজা খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মনোযোগ ও শক্তির অভাব – নাশতা থেকে যে গ্লুকোজ মেলে তা আমাদের মস্তিষ্কের প্রধান খাবার। তাই নাশতা না করলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং সহজেই ক্লান্তি চলে আসে।
মেজাজ খারাপ হতে পারে – সকালে খালি পেটে থাকলে অনেকেই বিরক্ত, রাগী কিংবা চিন্তিত হয়ে পড়েন। এতে কাজের মনোযোগও নষ্ট হয়।
রক্তে শর্করার সমস্যা – বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা ঝুঁকি বেশি তাদের জন্য নাশতা করা খুবই গুরুত্বপূর্ণ। নাশতা বাদ দিলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
অনেকেই নাশতা না করার বিষয়ে বলেন সময় নেই, ইচ্ছে করে না, ঘুম থেকে দেরি করে উঠি। অথচ একটু পরিকল্পনা করলেই সকালে হালকা-সুস্বাদু ও পুষ্টিকর নাশতা করা যায়। যেমন ফল, ওটস, ডিম, পাউরুটি, বাদাম, দই বা এক কাপ গরম চা-সহ কিছু হালকা খাবার।
যা করবেন :
– প্রতিদিন সকালে চেষ্টা করুন পেট ভরে কিছু খেতে।
– ভাজাপোড়া এড়িয়ে স্বাস্থ্যকর ও সহজপাচ্য খাবার বেছে নিন।
– সময় বাঁচাতে রাতে কিছুটা প্রস্তুতি নিয়ে রাখুন।
সকালের নাশতা শুধু খাওয়ার বিষয় নয় এটি আপনার সুস্থতা, কর্মক্ষমতা আর মনোযোগের জন্য একদম অপরিহার্য। তাই সময় বের করুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন।



