বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
বিনোদন

আসছে আরেফিন শুভর ‘কইরা দেখা’

image-4011-1637385188

'মিশন এক্সট্রিম' সিনেমা দিয়ে সবাইকে একের পর এক তাক লাগিয়েই যাচ্ছেন আরেফিন শুভ। এই সিনেমার জন্য শুরু থেকেই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা গেছে এই অভিনেতাকে। পুলিশ অ্যাকশন থ্রিলারটির জন্য ব্যাপকভাবে বডি ট্রান্সফরমেশন করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। 

 

এবার এই সিনেমার জন্য গায়ক হিসেবেও ধরা দিচ্ছেন শুভ। ‘মিশন এক্সট্রিম’র জন্য প্রথমবার অ্যাকশন র‍্যাপ গান গেয়েছেন তিনি। ‘কইরা দেখা’ শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত। কথা লিখেছেন ব্ল্যাক জ্যাং। এটি মূলত সিনেমাটির প্রোমশনাল গান হিসেবে ২০ নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে।

 

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, অ্যাকশনের সাথে র‍্যাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে যা, আমাদের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। অন্যদিকে দেশের র‍্যাপ লাভারের সংখ্যাও কম নয়। তাই তাদের কথা বিবেচনা করে আমরা প্রমোশনাল গান হিসেবে একটি র‍্যাপ উপহার দিচ্ছি। আশা করি সবারই এটা ভালো লাগবে।

 

‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ফয়সাল আহমদ বলেন, আমি নিশ্চিত এই গানের মাধ্যমে দর্শকরা সিনেমার সিকুয়েন্সের একটা দারুণ আমেজ অনুভব করবেন। একটি আন্তর্জাতিক মানের গান হিসেবে অনেকেই এটা নিয়ে গর্ব করতে পারবেন।

 

সঙ্গীত পরিচালক অদিত রহমান বলেন, গানটি করার পর থেকেই ভিন্ন রকমের একটা ভালো লাগা কাজ করছে। দেশীয় সিনেমায় র‍্যাপ গানের সাথে অ্যাকশন সিকুয়েন্সের এমন সংমিশ্রণ বেশ বিরল।

 

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব আগামী ৩ ডিসেম্বর একযোগে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে।

 

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরেফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।