ভূমিকম্পে স্ত্রীকে রেখেই পালালেন স্বামী, রাগে ডিভোর্স দিলেন স্ত্রী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ইভানা লেক্সিস অলিভার ভূমিকম্পের সময় স্বামীর আচরণে গভীরভাবে কষ্ট পেয়ে তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি টিকটকে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
ভিডিওতে ইভানা জানান, একবার স্বামীর সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রেস্তোরাঁয় উপস্থিত সবাই নিজেদের সঙ্গীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ আবার দরজার কাছে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সে সময় তার স্বামী টেবিল থেকে উঠে দৌড়ে অন্যদিকে চলে যান।
তিনি বলেন, তার স্বামী রেস্তোরাঁর অন্য প্রান্তের একটি দরজার কাছে আশ্রয় নেন। অথচ তিনি কোথায় আছেন, নিরাপদ কি না, তা একবারও জানতে চাননি। ভূমিকম্প থেমে গেলে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। তবে স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান ইভানা।
ঘটনার পর স্বামীর বদলে রেস্তোরাঁর এক কর্মী এসে তার খোঁজ নেন। ওই কর্মী জানতে চান, তিনি ঠিক আছেন কি না এবং ভূমিকম্পের পর সবকিছু স্বাভাবিক হয়েছে কি না। কথোপকথনের একপর্যায়ে কর্মীটিও স্বামীর আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, স্বামী যেভাবে তাকে রেখে চলে গেছেন, তা বেশ অদ্ভুত।

ইভানা বলেন, ঘটনাটি তার কাছে ভীষণ অস্বস্তিকর ও অপমানজনক ছিল। তবে সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন, স্বামীর কাছে তার গুরুত্ব কতটা কম। তার ভাষায়, ‘সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প হলো, আর সে দৌড়ে পালিয়ে গেল! আমি যেন তার ভাবনার তালিকায় একেবারেই ছিলাম না। এটা সত্যিই অবিশ্বাস্য।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া পেয়েছে। প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে, লাইক পড়েছে প্রায় ২ লাখ ১ হাজার ৯০০টি এবং মন্তব্য এসেছে প্রায় ৩ হাজার। অনেকেই মন্তব্যে নিজেদের সম্পর্কের এমন অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা তাদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছিল।
এক নারী জানান, একবার বিয়ের অনুষ্ঠানে নিজের ব্যাগ খুঁজে পাচ্ছিলেন না। স্বামী ব্যাগটি কোথায় আছে জানিয়ে দেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর স্বামী অন্য একজনকে বলেন, ব্যাগ খুঁজতে ব্যস্ত রাখাই ভালো। আরেক নারী জানান, বাড়িতে কার্বন মনোক্সাইড অ্যালার্ম বেজে উঠলে তার সাবেক স্বামী তাকে পাশ কাটিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। যদিও পরে জানা যায়, অ্যালার্মটি ভুল সংকেত দিয়েছিল, তবু ঘটনাটি তার চোখে সম্পর্কের বাস্তবতা তুলে ধরে।
এমন পরিস্থিতিতে মানুষের আচরণ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। কারও কারও মতে, বিপদের মুহূর্তে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া কেমন হবে, তা আগে থেকে বলা কঠিন। তবে সেই মুহূর্তে সঙ্গীর নিরাপত্তার কথা একেবারেই না ভাবার ঘটনা সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।



