দুই ছাত্রীকে বিয়ের পর এবার দশম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে উধাও শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে আরও দুই ছাত্রীকে একইভাবে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করে যৌথ অভিযান পরিচালনাকারী দল। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামে একটি প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে গেছেন। এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও রাজিব একই কৌশলে তার দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে কয়েক মাসের ব্যবধানে তাদের দুজনকেই তালাক দেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে রাজিবের সংসারে একজন স্ত্রী রয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



