জুমার দিনে যে ৪ আমলে মিলবে বিশেষ ফজিলত

সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামে দিনটিকে সাপ্তাহিক ঈদ হিসেবেও অভিহিত করা হয়। জুমার নামাজ আদায়ের পাশাপাশি এ দিনে রয়েছে বেশ কিছু বিশেষ ইবাদত ও আমল, যেগুলোর প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.) গুরুত্ব দিয়েছেন। এসব আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি ও বিশেষ রহমত লাভের চেষ্টা করতে পারেন।
দৈনন্দিন ব্যস্ততায় অনেক সময় এসব আমল যথাযথভাবে পালন করা হয়ে ওঠে না। অথচ জুমার দিনের পূর্ণ ফজিলত অর্জনে নামাজের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এমন চারটি আমল তুলে ধরা হলো।
১. নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তার ওপর দরুদ পাঠ করা। বিশেষ করে শুক্রবার ও বৃহস্পতিবার দিবাগত রাতে বেশি বেশি দরুদ পাঠের কথা হাদিসে উল্লেখ রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)
তাই জুমার দিন নির্দিষ্ট কোনো সময়ের অপেক্ষা না করে সুযোগ পেলেই দরুদ পাঠ করা যেতে পারে। এতে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সওয়াব অর্জনের সুযোগ তৈরি হয়।
২. সুরা কাহাফ তিলাওয়াত
পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিটি মুমিনের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুক্রবার সুরা কাহাফ পাঠের বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর আলোকিত হবে।’ (আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৩৩৯২)
সুরা কাহাফে ঈমানের দৃঢ়তা, পার্থিব সম্পদের প্রতি মোহ, জ্ঞান অর্জনে ধৈর্য ও বিনয় এবং ক্ষমতার সঠিক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। তাই শুধু তিলাওয়াত করাই নয়, সুরাটির অর্থ ও অন্তর্নিহিত শিক্ষাগুলো বোঝার চেষ্টাও করা উচিত।
৩. দোয়া কবুলের বিশেষ মুহূর্তে প্রার্থনা
জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এ দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করা হলে তা কবুল হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা সে সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)
বিশেষ ওই সময়টি কখন, তা নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে হাদিসে দুটি সময়ের কথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রথমটি হলো, ইমাম খুতবার জন্য মিম্বরে বসা থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত। দ্বিতীয়টি হলো, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৩)
তাই জুমার দিন এসব সময়ে বেশি বেশি দোয়া করা এবং নিজের পাশাপাশি পরিবার, সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা উচিত।
৪. গোসল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা
ইসলামে পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জুমার নামাজে যাওয়ার আগে শরীর ও পোশাক পরিষ্কার রাখার নির্দেশনা রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল অপরিহার্য।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৭৯)
অধিকাংশ ফকিহের মতে, জুমার দিনের গোসল সুন্নতে মুয়াক্কাদা। পাশাপাশি দাঁত পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার এবং সামর্থ্য অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও জুমার দিনের গুরুত্বপূর্ণ আদব। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)
এসব আমল পালনের মাধ্যমে একজন মুসলিম পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জুমার নামাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
জুমার দিন শুধু সাপ্তাহিক নামাজ আদায়ের দিন নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জন ও নেক আমল বাড়ানোরও বিশেষ সুযোগ। তাই জুমার নামাজের পাশাপাশি দরুদ পাঠ, সুরা কাহাফ তিলাওয়াত, দোয়া এবং পরিচ্ছন্নতার মতো আমলগুলো নিয়মিত পালনের চেষ্টা করা প্রত্যেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।



