মিস ইউনিভার্সে মাহি পরলেন খাদির শাড়ি, দিলেন মাতৃত্বের বার্তা

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি।
গতকালই জানা গিয়েছিল, মাতৃত্বকে উপজীব্য করে সাজানো হয়েছে মাহির জাতীয় পোশাক। বাঙালি নারীর একান্ত আপন পোশাক লাল-সাদা শাড়ি পরে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে এলেন মাহি। তার সাজপোশাকে যেন উঠে এল বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।

মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মাতৃত্বের ভাবনা থেকে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটিও তৈরি করেছেন বিশ্বজিৎ ও তার দল।

শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সোনার গয়না পরার ঐতিহ্য আছে। তবে মাহির গয়নার নকশায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার সাবেকি অলংকার।
গয়নাগুলোর নকশা করেছেন গয়নার ব্র্যান্ড ক্যানভাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তন্বী কবির। তিনিও সময় পেয়েছিলেন মাত্র সাত দিন। এই সময়ের মধ্যে নয়জন কারিগর সম্মিলিতভাবে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো।

শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তার জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতির মূল দায়িত্ব সামলেছেন বান্ধবী ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
জাতীয় পোশাক নিয়ে এক দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। বাংলাদেশেই তৈরি করা হয়েছিল সাজপোশাকের সব অনুষঙ্গ। বহনের সুবিধার্থে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করা হয়েছিল নয়টি আলাদা অংশে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে তৈরি হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা এই শিল্পকর্ম।
দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্প মিলিয়ে মাহির জাতীয় পোশাক হয়ে উঠেছিল বাংলার সংস্কৃতি, কারুশিল্প ও আবেগের এক সম্মিলিত উপস্থাপনা।



