১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

বিপ’দ সংকেত শুনলেই বুক কাঁপে, ১৯ বছরের সিডরের স্মৃতি আজও দুঃস্বপ্ন উপকূলবাসীর

Cyclone_Sidr_2

একটি রাত বদলে দিয়েছিল হাজারো মানুষের জীবন। কেড়ে নিয়েছিল স্বজন, ঘরবাড়ি, জীবিকা ও বেঁচে থাকার স্বপ্ন। সুপার সাইক্লোন সিডরের আঘাতের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলের মানুষের মন থেকে মুছে যায়নি সেই বিভীষিকা। আজও দুর্যোগের পূর্বাভাস শুনলে বুক কেঁপে ওঠে অনেকের।

২০০৭ সালের ১৫ নভেম্বর। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে দিনটি কেবল একটি তারিখ নয়, এক ভয়াবহ স্মৃতির নাম। সেদিন রাতে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা সুপার সাইক্লোন সিডর মুহূর্তেই বদলে দিয়েছিল উপকূলের চেনা ভূগোল। প্রচণ্ড বাতাস আর ভয়াল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, ফসলের মাঠ, গবাদিপশু, স্বজন ও অসংখ্য মানুষের স্বপ্ন। এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছিল লাখো পরিবার।

সেই ঘটনার ১৯ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে অনেক ভাঙা ঘর আবার তৈরি হয়েছে, নতুন করে গড়ে উঠেছে জনপদ। কিন্তু যাঁরা প্রিয়জন হারিয়েছেন, যাঁদের চোখের সামনে তলিয়ে গেছে সাজানো সংসার, তাঁদের কাছে সিডর এখনো জীবন্ত এক দুঃস্বপ্ন। বিপদ সংকেত কিংবা ঝড়ের পূর্বাভাস শুনলেই ফিরে আসে সেই রাতের স্মৃতি।

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয়, উপকূলে বাড়ছিল শঙ্কা

সিডর নামটি এসেছে শ্রীলঙ্কান ভাষা থেকে, যার অর্থ চোখ। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক শ্রেণিবিন্যাসে ঘূর্ণিঝড়টি পরিচিত ছিল ‘ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি’ নামে। ২০০৭ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করতে শুরু করে এটি। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের গতিপথ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগোতে থাকে।

১৩ নভেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী হয়ে ওঠে সিডর। পরদিন উপকূলীয় এলাকায় সতর্কতা বাড়তে থাকে। প্রথমে পাঁচ নম্বর সতর্ক সংকেত দেওয়া হলেও পরে তা আট নম্বর বিপদ সংকেতে উন্নীত করা হয়। আকাশজুড়ে ঘন মেঘ, দমকা হাওয়া আর বৃষ্টিতে বাড়ছিল আতঙ্ক। তবে ঝড়টির প্রকৃত ভয়াবহতা কতটা হতে পারে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল।

Advertisements

১৫ নভেম্বর সকাল থেকেই উপকূলীয় জনপদে আবহাওয়ার অবনতি হতে থাকে। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোথাও দমকা বাতাস। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বাতাসের তাণ্ডব। ঘণ্টায় প্রায় ৩০৫ কিলোমিটার গতির বাতাসের সঙ্গে উপকূলে আছড়ে পড়ে প্রবল জলোচ্ছ্বাস। প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গাছপালা ও মানুষ।

কয়েক মুহূর্তেই বদলে যায় জনপদের চেহারা। কোথাও ঘরের চাল উড়ে যায়, কোথাও মাটির সঙ্গে মিশে যায় বসতভিটা। গাছের নিচে চাপা পড়ে, পানির স্রোতে ভেসে কিংবা ধ্বংসস্তূপের নিচে আটকে প্রাণ হারান অসংখ্য মানুষ। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। নষ্ট হয় বিস্তীর্ণ এলাকার ফসল। ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বড় একটি অংশ। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বহু জেলে। হাজার হাজার পরিবার হারায় তাদের শেষ আশ্রয়টুকুও।

পরদিনের সকাল ছিল স্বজন হারানোর আর্তনাদে ভারী

ঝড় থামার পর ১৬ নভেম্বর সকালে উপকূলের মানুষ যা দেখেছিল, তা ছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ভেঙে পড়া গাছ, উপড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি, বিধ্বস্ত ঘরবাড়ি আর চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। নদী, খাল, চর কিংবা বসতভিটার পাশে পড়ে ছিল মরদেহ। কেউ খুঁজছিলেন মা-বাবাকে, কেউ সন্তানকে, কেউবা স্বামী কিংবা স্ত্রীকে।

বরগুনার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের তারেক সেদিন হারিয়েছিলেন তাঁর মাকে। ঝড় থামার পর থেকে শুরু হয় তাঁর খোঁজাখুঁজি। একই ইউনিয়নের জুথি বেগমের কোল থেকে ভেসে গিয়েছিল সন্তান আবির। সন্তানের সন্ধানে তাঁর আহাজারি হয়ে উঠেছিল সিডর-পরবর্তী শোকের এক মর্মান্তিক প্রতিচ্ছবি। সেদিন উদ্ধারকাজে অংশ নেওয়া বরগুনা বিষখালী মুক্ত স্কাউটের সদস্য আসিফ রহমান নাদিমের স্মৃতিতেও সেই দৃশ্য আজও অমলিন। তাঁর বর্ণনায়, উপকূলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল লাশের সারি। নদী, বন, চর ও বিধ্বস্ত বাড়িঘর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছিল। অনেক আহত মানুষকে পাওয়া যাচ্ছিল নিজ গ্রাম থেকে বহু দূরে। কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।

বেঁচে যাওয়া স্বজনেরা তখনও আশা ছাড়েননি। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কেউ মা, কেউ সন্তান, কেউবা জীবনসঙ্গীর নাম ধরে ডাকছিলেন। তাঁদের কণ্ঠে ছিল একটাই আকুতি—প্রিয় মানুষটি যেন কোথাও বেঁচে থাকে।

খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

সিডরের আঘাতে শুধু প্রাণহানি কিংবা বসতভিটা ধ্বংস হয়নি, ভেঙে পড়েছিল মানুষের দৈনন্দিন জীবনব্যবস্থাও। ঘরের চাল, রান্নার চুলা, গোলার ধান—সবকিছু হারিয়ে অনেক পরিবার একেবারে শূন্য হাতে পড়ে। আগের দিন যাঁদের ঘরে খাবার ছিল, পরদিন তাঁদেরও অন্যের কাছে খাবার চাইতে হয়েছে।

ভেঙে পড়া গাছ ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগব্যবস্থা। ফলে দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অন্যদিকে নলকূপ ডুবে যাওয়ায় দেখা দেয় বিশুদ্ধ পানির তীব্র সংকট। অনেককে বাধ্য হয়ে দূষিত নদী ও জলাশয়ের পানি পান করতে হয়েছে। এর পরিণতিতে ছড়িয়ে পড়ে পানিবাহিত রোগ ও পেটের নানা অসুখ।

একই কবরে ঠাঁই হয়েছিল একাধিক মরদেহের

সিডরের পর উপকূলের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটি ছিল গণকবর। চারদিকে পানি, কাদা আর ধ্বংসস্তূপের কারণে মরদেহ দাফনের উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে মরদেহের সংখ্যা বাড়ছিল, অনেকের পরিচয়ও জানা যাচ্ছিল না। জায়গার অভাবে একই কবরে একাধিক মরদেহ দাফন করতে হয়েছিল। বরগুনা সদর উপজেলার পশ্চিম গর্জনবুনিয়া এলাকার একটি গণকবর আজও সেই বিভীষিকার সাক্ষী। উন্নয়ন সংস্থার নথি ও কবরস্থানের ফলক অনুযায়ী, সেখানে ১৯টি কবরে দাফন করা হয়েছিল ৩৩ জনকে। পাঁচটি কবরে তিনজন করে, চারটি কবরে দুজন করে এবং বাকি ১০টি কবরে একজন করে মরদেহ রাখা হয়েছিল।

অনেকের ভাগ্যে জোটেনি দাফনের কাপড়ও। বর্তমানে কবরগুলো উঁচু করে সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় উদ্যোগে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে কবরস্থানটি। প্রতিবছর ১৫ নভেম্বর স্বজনেরা সেখানে আসেন। নীরবে কবর জিয়ারত করেন, স্মরণ করেন হারিয়ে যাওয়া মানুষগুলোকে। সময় পেরোলেও তাঁদের শোকের দিনটি যেন একই জায়গায় আটকে আছে। ঘুরে দাঁড়িয়েছে জনপদ, কাটেনি মনের ভয়

সিডরের পর দীর্ঘ সময় ধরে উপকূলের মানুষকে নতুন করে জীবন শুরু করতে হয়েছে। কেউ নতুন ঘর তুলেছেন, কেউ আবার শুরু করেছেন কৃষিকাজ কিংবা মাছ ধরার পেশা। ধীরে ধীরে বদলেছে জনপদের চেহারা। দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, সতর্কবার্তা প্রচার ও উদ্ধারব্যবস্থাতেও এসেছে নানা পরিবর্তন।

তবে অবকাঠামোগত পুনর্গঠন আর মানুষের মনের ক্ষত এক বিষয় নয়। বিশেষ করে যাঁরা সেদিন পরিবারের সদস্য হারিয়েছেন, তাঁদের কাছে প্রতিটি ঘূর্ণিঝড়ের মৌসুম নতুন করে পুরোনো শোক ফিরিয়ে আনে। আকাশে কালো মেঘ জমলে, বাতাসের গতি বাড়লে কিংবা মাইকে বিপদ সংকেত প্রচারিত হলে বুকের ভেতর জমে ওঠে অজানা আশঙ্কা।

১৯ বছর আগে সিডর কেড়ে নিয়েছিল বহু মানুষের জীবন ও জীবিকার অবলম্বন। সেই ক্ষতি হয়তো পুরোপুরি পূরণ হওয়ার নয়। উপকূলের মানুষ আবারও ঘর বাঁধে, ফসল ফলায়, নদীতে মাছ ধরতে যায়। জীবন থেমে থাকে না। তবু ১৫ নভেম্বর এলেই মনে পড়ে যায় সেই ভয়াল রাত। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোর কাছে সিডর তাই কেবল অতীতের একটি দুর্যোগ নয়, এখনো বয়ে চলা এক গভীর ক্ষত।

Advertisements