দুবার ক্যানসারে আক্রান্ত হয়েও সেরে উঠেছেন সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জীবনে দুবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রোপচারের মাধ্যমে দুইবারই ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে নিজের অসুস্থতার বিষয়টি কখনো গোপন করেননি এই রাজনীতিক। সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে ক্যানসারে আক্রান্ত হওয়া, চিকিৎসা ও অস্ত্রোপচারের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
সোনিয়া গান্ধীর ক্যানসার প্রথম ধরা পড়ে ২০১০ সালে। চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে। হাসপাতালটির চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা থাকলেও ভারতে অস্ত্রোপচার করাতে চাননি তিনি। এর পরিবর্তে চিকিৎসার জন্য ইতালির মিলানে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ক্যানসার ধরা পড়ার পর তিনি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাকে ও তার সন্তানদের জানানো হয়েছিল, সময় নষ্ট করার সুযোগ নেই, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ভয়াবহ পরিণতির আশঙ্কা তাকে বিচলিত করে তুলেছিল।
দিল্লিতে অস্ত্রোপচার না করার কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ভারতে তার অস্ত্রোপচারের খবর প্রকাশ হলে গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও আলোড়ন তৈরি হতো। একজন জনপরিচিত ব্যক্তি হলেও নিজের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখার অধিকার থাকা উচিত বলে মনে করেছিলেন তিনি।
এরপর ইতালির মিলানের একটি হাসপাতালে ভর্তি হন সোনিয়া। সেখানে বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. ভেরোনেসি তার অস্ত্রোপচার করেন। চিকিৎসক তাকে জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং শরীরে ক্যানসারের কোনো চিহ্ন অবশিষ্ট নেই।
স্মৃতিকথায় সোনিয়া জানান, অস্ত্রোপচারের সময় চিকিৎসক দুটি টিউমার অপসারণ করেছিলেন। এর মধ্যে একটি টিউমার নিয়ে সন্দেহ তুলনামূলক কম থাকলেও অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে সেটিও বাদ দেওয়া হয়। এ ছাড়া অস্ত্রোপচারের সময়ই বিশেষ পদ্ধতিতে রেডিয়েশন দেওয়া হয়েছিল, যাতে পরবর্তী সময়ে তাকে পাঁচ সপ্তাহের রেডিওথেরাপি নিতে না হয়।
প্রথম অস্ত্রোপচারের পর স্বস্তি ফিরে পেলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। ২০১১ সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে একটি টিউমার ধরা পড়ে। বিষয়টি সোনিয়া ও তার সন্তানদের জন্য ছিল বড় ধাক্কা।
তিনি লিখেছেন, প্রথমে তাদের মনে হয়েছিল, আগের ক্যানসারই আবার ফিরে এসেছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অস্ত্রোপচারের আগে থেকেই রোগের বিস্তার নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। টিউমারটি ক্যানসারের বিস্তার বা মেটাস্ট্যাটিক গ্রোথের কারণে হয়েছে কি না, তা নিয়ে তার মনে আশঙ্কা ছিল।
দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য ইতালি নয়, নেদারল্যান্ডসের রটারড্যামের একটি হাসপাতাল বেছে নেন সোনিয়া। সেখানে চিকিৎসক ডা. ক্যাসপার ভ্যান আইজ্যাকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে জানান, টিউমারটি একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় তিনি সৌভাগ্যবান।
রটারড্যামের ওই হাসপাতালে তাকে চার সপ্তাহ থাকতে হয়েছিল। এ সময় তার পাশে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। পরে দিল্লিতে ফিরে এলেও দ্বিতীয় অস্ত্রোপচারের ধকল সামলে উঠতে বেশ সময় লাগে। শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।
তবে দুবার ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও কেমোথেরাপির মতো কষ্টকর চিকিৎসা নিতে হয়নি সোনিয়া গান্ধীকে। স্মৃতিকথায় তিনি নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে জানিয়েছেন, দুটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেলেও কেমোথেরাপি ছাড়াই সুস্থ হয়ে ওঠা তাঁর জন্য বড় স্বস্তির বিষয় ছিল।



