১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

‘সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’: শবনম ফারিয়া

sabnam-20261104112545

ঢাকাই শোবিজে কাজের সুযোগ কমে যাওয়ার পাশাপাশি শিল্পীদের ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা বাড়ছে। বিশেষ করে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকছেন কয়েকজন তারকা। এতে ভালো অভিনয় করা শিল্পীদের কাজ আড়ালে পড়ে যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে তাঁদের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, দর্শকদের একটি বড় অংশ প্রকৃত অভিনয়শিল্পীদের কাজের চেয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি আগ্রহী।

পোস্টে প্রথমেই অভিনেত্রী জয়া আহসানের কথা বলেন ফারিয়া। তাঁর সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, অভিনয়ের বাইরে জয়ার পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ির প্রতি আগ্রহ রয়েছে। পাশাপাশি তাঁর পোশাক, ব্যাগ ও ঘড়ির সংগ্রহেরও প্রশংসা করেন ফারিয়া।

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজে তাঁর অভিনয় ভালো লেগেছে বলে জানান ফারিয়া। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ সিরিজে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন। সানজিদা প্রীতিকে স্বল্পভাষী ও মেধাবী অভিনেত্রী হিসেবে উল্লেখ করেন তিনি।

নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়েও বিশেষ মন্তব্য করেন ফারিয়া। তাঁর ভাষায়, মৌসুমীর অভিনয় দেখলে নিজেরও তাঁর মতো অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছা জাগে। অভিনেত্রীর পরিশ্রম ও অভিনয়দক্ষতার প্রশংসাও করেন তিনি।

এ ছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয়ের প্রশংসা করে ফারিয়া বলেন, অভিনয় শুধু সংলাপনির্ভর নয়; অভিব্যক্তি ও চোখের ভাষাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অর্ষার অভিনয় তাঁকে মুগ্ধ করে। একবার শিডিউল জটিলতার কারণে একটি নাটকে কাজ করতে না পারলেও পরে অর্ষার অভিনয় দেখে তাঁর মনে হয়েছে, চরিত্রটিতে অর্ষাই যথার্থ ছিলেন।

Advertisements

ফেসবুক পোস্টে আরও যেসব অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষি। ফারিয়ার মতে, এসব অভিনেত্রী অভিনয়দক্ষতার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব ও আচরণের মাধ্যমেও দর্শকের কাছে সম্মান অর্জন করেছেন।

পোস্টের শেষাংশে শোবিজের বর্তমান আলোচনা নিয়ে নিজের হতাশার কথা জানান এই অভিনেত্রী। তাঁর মতে, দামি পোশাক, বিদেশ ভ্রমণ কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে আলোচনা হলেও প্রকৃত অভিনয়শিল্পীদের কাজ ও প্রতিভা যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

ফারিয়া লেখেন, ভালো অভিনয়ের পাশাপাশি মার্জিত ব্যক্তিত্ব ও সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী দেশে রয়েছেন। অথচ তাঁদের কাজের পরিবর্তে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়। এ কারণে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে শোবিজে শুধু অযোগ্যদেরই জয়জয়কার।

সূত্র: ঢাকা পোস্ট

Advertisements