৭ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২২ কার্তিক ১৪৩৩
বিনোদন

‘অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে’, সদস্যপদ স্থগিতের পর তানজিন তিশা

Tanjin_tisha_20260813_133030559

শুটিং সেটে মারধরের অভিযোগকে কেন্দ্র করে অভিনেত্রী সামিয়া অথৈর সঙ্গে বিরোধে জড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এ ঘটনায় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন তিশা।

লাইভে শুটিং সেটের ঘটনা, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক এবং সদস্যপদ স্থগিতের কারণসহ গত কয়েক মাসের নানা অভিজ্ঞতার কথা বলেন তিনি।

তিশার দাবি, শুটিং সেটে সেদিন কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। কে আগে অভিনয়ের মধ্যে তাৎক্ষণিক পরিবর্তন এনেছেন, কে আগে আক্রমণ করেছেন এবং পরে কে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেছেন, তা দর্শকরা নিজেরাই বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠকের প্রসঙ্গ তুলে তিশা জানান, বিরোধ মীমাংসায় দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে সামিয়া অথৈ ভিডিওটি দেননি এবং তিনিও বিশেষ কারণে তা পাঠাতে পারেননি। নোটিশের নির্দেশনা পালন না করায় তার সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে বলে জানান অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত বিরোধ প্রকাশ্যে আনার বিষয়েও আপত্তি জানান তিশা। তার মতে, কোনো বিরোধের সমাধান না করে প্রকাশ্যে কাউকে হেয় করা কিংবা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

গত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তিশা বলেন, অনেক কিছুই দেখেছেন তিনি। শাড়ি-কাণ্ডসহ নানা ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, সময় হলে সবকিছু সবার সামনে আসবে।

Advertisements

তিনি আরও বলেন, গত আট মাসে নানা বাধা এলেও তিনি থেমে যাননি এবং ভবিষ্যতেও হাল ছাড়বেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করে তিশা দাবি করেন, তিনি কোনো ভুল করেননি।

উল্লেখ্য, শুটিং সেটে মারধরের অভিযোগ ও দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি বক্তব্যের পর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ। গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ৪ অক্টোবর তাদের কাছে চিঠি পাঠানো হলেও জবাব না পাওয়ায় সংগঠনটি উভয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

Advertisements