৭ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২২ কার্তিক ১৪৩৩
বিনোদন

তানজিন তিশা ও সামিয়া অথৈর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত অভিনয় শিল্পী সংঘের

tisha-othoi-20261107094906

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংগঠনটি।

দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। গত ৪ অক্টোবর পাঠানো চিঠিতে জানানো হয়, এর আগে ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে কেউই সেই নোটিশের জবাব দেননি।

সংগঠনের সালিস কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

এ বিষয়ে রাশেদ মামুন অপু জানান, দুই অভিনেত্রীর মধ্যে সমঝোতা করানোর জন্য একাধিকবার বৈঠক হয়েছে। সেখানে দুজনকে ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিওবার্তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। পরপর দুটি চিঠি পাঠানোর পরও কোনো জবাব পাওয়া যায়নি। ফোনেও তাদের সাড়া মেলেনি।

জানা গেছে, গত ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের একটি নাটকের শুটিংয়ে দুই অভিনেত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে ফেসবুক লাইভে এসে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সামিয়া অথৈ। তার দাবি, নাটকের দৃশ্যের প্রয়োজনে তিশাকে আলতো করে চড় মারার কথা থাকলেও তিনি কয়েকবার জোরে চড় মারেন। এতে তার চোখ ও গাল ফুলে যায়।

তবে সামিয়ার অভিযোগ অস্বীকার করেন তানজিন তিশা। তার দাবি, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি ধারণ করা হয়েছিল। অন্যদিকে পরিচালক জানান, দৃশ্যে দুই অভিনেত্রীরই পরস্পরকে চড় মারার কথা ছিল। অভিনয়ের সময় কোনো চড় জোরে লেগে যাওয়ায় ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে।

Advertisements

দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিল অভিনয়শিল্পী সংঘ।

Advertisements