৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৮ কার্তিক ১৪৩৩
বিশ্ব

২০২৭ বিশ্বকাপের টিকিট পেতে হাহাকার, আবেদন ছাড়াল ১২ কোটি!

icc-odi-world-cup-2027-2026-07-22-00-02-03

বিশ্বকাপের মাঠে খেলা শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ টিকিট পাওয়ার লড়াই শুরু হয়ে গেছে এখনই। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এমন উন্মাদনা তৈরি হয়েছে যে টিকিটের জন্য আবেদনের সংখ্যা ইতোমধ্যে ১২ কোটি ছাড়িয়ে গেছে। আইসিসির ইতিহাসে অন্যতম বড় টিকিট চাহিদার নজির গড়তে যাচ্ছে আফ্রিকার এই বিশ্ব আসর।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পেতে মোট ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। বিশ্বের ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ।

টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। আয়োজক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া থেকেও এসেছে বিপুলসংখ্যক আবেদন। শুধু আফ্রিকার সমর্থকদের পক্ষ থেকেই বিভিন্ন ম্যাচের জন্য প্রায় ১ কোটি ৪৯ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন এসেছে ১০ কোটি ৫০ লাখের বেশি। দেশটির নিজেদের ১১টি ম্যাচের টিকিটের চাহিদাও কম নয়। এসব ম্যাচের জন্য আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়ের ম্যাচগুলো ঘিরেও সমর্থকদের আগ্রহ চোখে পড়ার মতো। দেশটির ম্যাচগুলোর জন্য আবেদন সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে-ভারত ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। শুধু এই ম্যাচের টিকিটের জন্যই আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

অন্যদিকে, নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন এসেছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচটি ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। ম্যাচটির টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

তবে সব ম্যাচকে ছাড়িয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। দর্শকদের আগ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ২১ নভেম্বর একই শহরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচের টিকিটের জন্য আবেদন এসেছে প্রায় ৭৯ লাখ। আইসিসির ইভেন্ট ও ক্রিকেট অপারেশনস প্রধান গৌরব সাক্সেনা এই বিপুল সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ২৪ বছর পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার সিদ্ধান্ত যে কতটা সঠিক, বিশ্বজুড়ে সমর্থকদের এই আগ্রহ তারই প্রমাণ।

Advertisements

আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (সিএটি) পর্যন্ত টিকিট ব্যালটের নিবন্ধন চালু থাকবে। আগ্রহীরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। কোনো ম্যাচের টিকিটের চাহিদা আসনসংখ্যার চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে টিকিট পাওয়ার জন্য সমর্থক নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের ইমেইলে পরবর্তী সময়ে টিকিট কেনার নির্দেশনা পাঠানো হবে।

উল্লেখ্য, ২০০৩ সালের পর প্রথমবারের মতো আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে ১৪টি দল অংশ নেবে। সব মিলিয়ে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ। এই আসরের মধ্য দিয়ে প্রথমবারের মতো জ্যেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে নামিবিয়া।

Advertisements