৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
স্পটলাইট

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

gold

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। উল্লেখ্য, প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

বাজুস জানিয়েছে, স্বর্ণের অলঙ্কার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অন্যদিকে, পুরোনো অলঙ্কার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে অতিরিক্তভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

এর আগে গত ২৯ অক্টোবর প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

Advertisements

এদিকে, স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

Advertisements