২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

মর্গে মৃত নারীদের ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবেদন, এবার সাংবাদিককে প্রাণনাশের হুমকি

IMG_7005

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত মৃত নারীদের মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার ও ধর্ষণের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ‘আলাপ’-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদার। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে দিপু সিকদার উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মর্গে ঘটে যাওয়া কথিত অনিয়ম ও অপরাধের বিষয়ে তথ্য সংগ্রহ এবং অভিযুক্তদের বক্তব্য নেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনার পেছনে মর্গের একটি সংঘবদ্ধ চক্র ও শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

জিডির বিবরণ অনুযায়ী, হুমকির ঘটনায় মর্গের চাকরিচ্যুত সাবেক সহকারী নূরে আলম শান্তর নাম উল্লেখ করেছেন সাংবাদিক দিপু। তার অভিযোগ, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই শান্ত ফোন করে তাকে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। একপর্যায়ে ‘কোর্টে দেখে নেওয়ার’ হুমকি দিয়ে তার ফোনে বার্তাও পাঠানো হয়।

এর আগে গত ১৮ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যম ‘আলাপ’-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগসংক্রান্ত তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়।

প্রতিবেদনটির বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বক্তব্যও নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারা হলেন মর্গের সাবেক ইনচার্জ যতন লাল এবং চাকরিচ্যুত মর্গ সহকারী নূরে আলম শান্ত। প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে লক্ষ্য করে হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দিপু সিকদারের হুমকির শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন এবং জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা হয়রানির শিকার হতে হওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

Advertisements

ক্র্যাব তাদের সদস্য দিপু সিকদারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Advertisements