বিচ্ছেদের পরও অটুট বন্ধন, সুজানকে হৃতিকের আবেগঘন বার্তা

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে এক যুগেরও বেশি আগে। তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সন্তানদের দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার সম্পর্কও ধরে রেখেছেন তারা। এবার সুজানের জন্মদিন উপলক্ষে হৃতিকের আবেগঘন বার্তা সেই সম্পর্কেরই আরেকটি দিক সামনে এনেছে।
গত ২৬ অক্টোবর ছিল সুজানের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুদিন পর, ২৮ অক্টোবর ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক। পোস্টে সুজানের বেশ কয়েকটি ছবি যুক্ত করে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনের কথা তুলে ধরেন অভিনেতা।
হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এই শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সুজান।’
সুজানের আগামী দিনগুলো ভালোবাসা, আনন্দ ও সুন্দর মুহূর্তে ভরে উঠুক, এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি। হৃতিকের ভাষায়, সুজান যেভাবে জীবন কাটিয়েছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন, তা নিয়ে তিনি গর্বিত। তার মতে, সুজানের মধ্যে মায়ের চেতনা ও মমতা জীবন্ত রয়েছে।
দুই ছেলে রে ও রিদজের প্রতি সুজানের ভালোবাসা ও দায়িত্বশীলতার প্রশংসাও করেছেন হৃতিক। তিনি লেখেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’
শুধু ব্যক্তিগত জীবন নয়, সুজানের পেশাগত সাফল্য নিয়েও আশাবাদী হৃতিক। সুজানের ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এমন কামনা করে তিনি লেখেন, প্রতিষ্ঠানটি যেন সুজানের স্বপ্নের মতো পৃথিবীর প্রতিটি শহরে ছড়িয়ে পড়ে।
বার্তার শেষ অংশে প্রাক্তন স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়ে হৃতিক লেখেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’
হৃতিকের এই ভালোবাসাপূর্ণ শুভেচ্ছায় আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন সুজানও। মন্তব্যে তিনি লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ, রাই! আমাদের রে ও রিদজের জন্য চমৎকার অভিভাবকত্বের জয় হোক। আমাদের সবার সামনে আরও সুখের সময় ও উজ্জ্বল হাসি অপেক্ষা করুক—তোমার, সাবার, আমার ও আরসলানের।’
উল্লেখ্য, হৃতিক রোশন ও সুজান খান ২০০০ সালে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে আলাদা হয়ে গেলেও দুই ছেলেকে কেন্দ্র করে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
বর্তমানে হৃতিক অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে সুজান সম্পর্কে আছেন অভিনেতা আরসলান গনির সঙ্গে। নতুন সম্পর্কের পাশাপাশি প্রাক্তন স্বামী-স্ত্রীর এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ভক্তদের নজর কেড়েছে।



