ফের শাড়ি নিয়ে মামলায় তানজিন তিশা, এবার হুমকির অভিযোগ

শাড়ি নিয়ে আইনি জটিলতায় ফের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে করা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যেই মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তিশার বিরুদ্ধে নতুন মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
শাড়িটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন সানায়া। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর আদালতে মামলা করেন তিনি। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
তদন্ত শেষে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করে।
গত ২৫ অক্টোবর বাদীপক্ষের আবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগের মামলার তদন্ত নিয়ে নতুন নির্দেশনার এক দিন পর, গত ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, আগের মামলাটি প্রত্যাহার করে নিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমেও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। মামলা তুলে না নিলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করেছেন। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তানজিন তিশার বিরুদ্ধে একটি জামদানি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগেও আরেকটি মামলার প্রক্রিয়া চলমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।



