নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালিসন্ধ্যা

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর শনিবার রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠান। এর আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’। আয়োজকদের প্রত্যাশা, সংগীত ও নৃত্যের সমন্বয়ে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ একটি সন্ধ্যা উপহার দেবে এ আয়োজন।
ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদযাপনের উদ্যোগ। কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এ সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও আয়োজনটির অন্যতম লক্ষ্য।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শক-শ্রোতাদের জন্য কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট প্রদর্শনী। পুরো আয়োজন সাজানো হবে সুফি আবহে। পাশাপাশি পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের উপযোগী পরিবেশ, নিরাপত্তা ও পার্কিংয়ের ব্যবস্থা রাখার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
আসনসংখ্যা সীমিত রাখায় আগ্রহী দর্শক-শ্রোতাদের জন্য আগাম টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। ইতিমধ্যে টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে।
সুফি সংগীতের অনুরাগী ও নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের অংশগ্রহণে ‘ইশক-এ-নুসরাত’ স্মরণীয় এক সংগীতসন্ধ্যায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।



