২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১১ কার্তিক ১৪৩৩
বিশ্ব

আজ খিটখিটে মেজাজের সহকর্মী দিবস

2cf1cedb-c64e-4bd8-a33f-7e62701c8fcc

কর্মক্ষেত্রে এমন সহকর্মী কম নেই, যারা সামান্য বিষয়েই বিরক্ত হয়ে পড়েন কিংবা সব সময় গম্ভীর থাকেন। কাজের অতিরিক্ত চাপ, ব্যক্তিগত দুশ্চিন্তা বা পর্যাপ্ত ঘুমের অভাব তাদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমন সহকর্মীদের ঘিরেই প্রতিবছর ২৭ অক্টোবর পালিত হয় ‘ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পালিত হচ্ছে দিবসটি। এর মূল লক্ষ্য কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং সহনশীল ও ইতিবাচক পরিবেশ তৈরিতে উৎসাহ দেওয়া।

ইংরেজি ‘ক্র্যাঙ্কি’ শব্দের অর্থ খিটখিটে মেজাজের বা সহজেই বিরক্ত হন এমন। আর ‘কো-ওয়ার্কার্স’ বলতে বোঝায় সহকর্মীদের। অর্থাৎ, কর্মক্ষেত্রে যারা সহজেই বিরক্ত হন কিংবা রুক্ষ আচরণ করেন, তাদের ঘিরেই এই ব্যতিক্রমী দিবসের আয়োজন।

তবে দিবসটির উদ্দেশ্য কাউকে তার স্বভাবের জন্য বিদ্রূপ করা নয়। বরং মানুষের আচরণের পেছনে থাকা সম্ভাব্য কারণগুলো বোঝার পাশাপাশি সহকর্মীদের প্রতি সহমর্মী হওয়ার বার্তা দেওয়া।

অনেক সময় কাজের অতিরিক্ত চাপ, পারিবারিক সমস্যা কিংবা শারীরিক ক্লান্তির কারণে মানুষের মেজাজ খারাপ থাকতে পারে। তাই সহকর্মীর আচরণে বিরক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ।

কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির বিকল্প নেই। কোনো সহকর্মী রুক্ষ আচরণ করলে পাল্টা বিরূপ আচরণ না করে শান্তভাবে কথা বলা কিংবা তাকে কিছুটা সময় দেওয়া পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করতে পারে।

Advertisements

ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে একটি অনানুষ্ঠানিক ও মজার দিবস হিসেবে পরিচিত। বিভিন্ন ব্যতিক্রমী দিবসের প্রচারে পরিচিত যুক্তরাষ্ট্রের টমাস ও রুথ রয় দম্পতির নামও এ দিবসের সঙ্গে যুক্ত। তাদের ‘ওয়েলক্যাট হলিডেজ’ ওয়েবসাইটে নানা ধরনের ব্যতিক্রমী দিবসের ধারণা তুলে ধরা হয়েছে।

দিনটি মনে করিয়ে দেয়, কর্মক্ষেত্রে সবার মন-মেজাজ সব সময় এক রকম থাকে না। পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর করা সম্ভব।

Advertisements