ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তুলনা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ। এই অভিনেত্রীর মৃত্যুতে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তুলনা। পরিবার সূত্রে জানা যায়, ব্রেন টিউমার থেকে তার ক্যানসার ধরা পড়ে। এ কারণে অস্ত্রোপচারও করা হয়েছিল তার। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলেও সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক হলে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিতি ছিল তুলনা আল হারুনের। নিজের সৃজনশীলতা ও কাজের দক্ষতার মাধ্যমে শোবিজ অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তুলনা। তার প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের কারণে ভক্ত ও অনুসারীদের কাছে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করেও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চালিয়ে গেছেন এই শিল্পী।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার চলে যাওয়াকে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।



