সন্তানদের ভালোবাসায় জন্মদিন শুরু পরীমনির

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন শুরু হয়েছে সন্তানদের সঙ্গে কাটানো ভালোবাসাময় মুহূর্তে। ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়মকে পাশে নিয়ে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদ্যাপন করেছেন তিনি। এবারের আয়োজনে ছিল না তেমন জাঁকজমক; বরং সন্তানদের সঙ্গেই ঘরোয়া পরিবেশে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেখানে লাল রঙের গাউন পরা এই অভিনেত্রীকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। এ সময় তার দুই সন্তানও পাশে ছিল। কেক কাটার পর মাকে আদর ও চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে তারা।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে যোগ করেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া পরীমনির কাছে সন্তানদের উপস্থিতি এখন বিশেষ গুরুত্ব বহন করে। দুই সন্তানকে ঘিরেই তার জীবনের অনেক আনন্দ ও ভালো লাগার মুহূর্ত আবর্তিত হচ্ছে।
এর আগে বিভিন্ন সময় দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছেন পরীমনি। তবে এবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে সন্তানদের সান্নিধ্যে ঘরোয়া আবহে জন্মদিনের সূচনা করলেন তিনি। তার এই পারিবারিক উদ্যাপনের মুহূর্ত ভক্তদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।



