ছয় দিনে ৫০ লাখ ভিউ, দর্শক প্রশংসায় ভাসছে ‘জোছনায় ফেরা’

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাটক ‘জোছনায় ফেরা’। ইউটিউবে প্রকাশের মাত্র ছয় দিনের মধ্যেই নাটকটি পেরিয়েছে ৫০ লাখ ভিউয়ের মাইলফলক। পাশাপাশি গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর জন্য দর্শকদের প্রশংসাও পাচ্ছে এটি।
গত ১৮ অক্টোবর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। মুক্তির প্রথম তিন দিনেই এর ভিউ সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যায়। এবার ছয় দিনের মাথায় সেই সংখ্যা ৫০ লাখে পৌঁছেছে।
পারিবারিক সম্পর্ক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘জোছনায় ফেরা’। নাটকটির গল্পে উঠে এসেছে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং বিশ্বাসের সংকট। দীর্ঘদিন পর স্বামীর জীবনে পুরোনো প্রেমের মানুষের ফিরে আসা কীভাবে একটি সাজানো সংসারে অস্থিরতা তৈরি করে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে গল্পে। তবে সম্পর্কের ভাঙনের বদলে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের মধ্য দিয়ে সংসারে স্বস্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছে নাটকটি।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার। লেজার ভিশনের ব্যানারে নির্মিত নাটকটির গান ‘তুই সব থেকে দামি’ গেয়েছেন কোনাল। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর করেছেন রিজওয়ান শেখ।
নাটকটির অন্যতম আকর্ষণ চয়নিকা চৌধুরীর নান্দনিক নির্মাণ ও আবেগনির্ভর উপস্থাপনা। দাম্পত্য সম্পর্কের জটিলতা এবং চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তুলে ধরা হয়েছে। স্বামী-স্ত্রীর চরিত্রে ইরফান সাজ্জাদ ও আইশা খানের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে সন্দেহ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়া স্ত্রীর মানসিক অবস্থার প্রকাশে প্রশংসা পাচ্ছেন আইশা। অন্যদিকে, দীপা খন্দকারের অভিনয়ও নাটকটির গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।
নাটকটির আবহসংগীত ও গান আবেগঘন দৃশ্যগুলোকে আরও জীবন্ত করে তুলেছে। ইউটিউবের মন্তব্য বিভাগেও গল্প ও অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা।
বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের নাটকের ভিড়ে পারিবারিক গল্প ও সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে আলাদা পরিচিতি তৈরি করেছে ‘জোছনায় ফেরা’। ছয় দিনে ৫০ লাখ ভিউয়ের অর্জন নাটকটির প্রতি দর্শকদের আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।



