১১ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩
বিবিধ

বান্দরবান-থানচি সড়কে বাসের পর বন্ধ জিপ-মাহেন্দ্র, দুর্ভোগে যাত্রীরা

IMG_307241b9-4da7-499c-9665-c748f4a3a3c2

বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর এবার জিপ ও মাহেন্দ্র চলাচলও বন্ধ করে দিয়েছেন চালকেরা। এতে বান্দরবান জেলা সদর ও থানচি উপজেলা সদরের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি কাজসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদাবাজির প্রতিবাদে টানা তিন দিন ধরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে শনিবার দুপুরে জিপ ও মাহেন্দ্রচালক সমিতির নেতারা নতুন করে এসব যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। ফলে সড়কটিতে নিয়মিত যাতায়াতকারী মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

চালক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকেরা দলবদ্ধভাবে গাড়ি ভাড়া বা রিজার্ভ করে যাতায়াত করতে পারবেন। তবে পথে স্থানীয় বাসিন্দাদের গাড়িতে তুলে সাধারণ যাত্রী হিসেবে পরিবহন করা যাবে না। এ কারণে নিয়মিত যাতায়াতের জন্য এসব পরিবহনের ওপর নির্ভরশীল স্থানীয় মানুষ বিপাকে পড়েছেন।

অন্যদিকে, বাস মালিক ও চালক সমিতির অভিযোগ, সড়কে একটি পক্ষের পক্ষ থেকে অতিরিক্ত চাঁদা দাবি করা হচ্ছে। এ দাবির প্রতিবাদে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তাঁদের দাবি, নির্ধারিত সামর্থ্যের বাইরে অতিরিক্ত অর্থ দিতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে বাস, জিপ ও মাহেন্দ্র চলাচল বন্ধ থাকায় বান্দরবান ও থানচির মধ্যে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি জরুরি কাজে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

এ পরিস্থিতিতে সড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Advertisements
Advertisements