বেদানা নাকি আঙুর, হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

হৃৎপিণ্ড সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের পাশাপাশি নিয়মিত ফল খাওয়াও গুরুত্বপূর্ণ। বেদানা ও আঙুর—দুই ফলেই রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টি উপাদান, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। তবে এই দুই ফলের মধ্যে কোনটি বেশি উপকারী?
‘ভেরি ওয়েল হেলথ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, বেদানা ও আঙুর উভয়ই হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। তাই একটি ফলের ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় দুটিই রাখা যেতে পারে।

হৃৎপিণ্ডের স্বাস্থ্যে বেদানা ও আঙুরের ভূমিকা
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফল খাওয়ার সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। বেদানা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, আঙুরেও রয়েছে এমন কিছু উপাদান, যা হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এর পলিফেনল রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
কোন ফলে ফাইবার বেশি?
ফাইবার বা খাদ্যআঁশের পরিমাণের দিক থেকে বেদানা এগিয়ে। প্রতি ১০০ গ্রাম বেদানায় প্রায় ৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। অন্যদিকে, এক কাপ বা প্রায় ৯২ গ্রাম আঙুরে থাকে প্রায় ১ গ্রাম ফাইবার।
খাদ্যআঁশ হজমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এ কারণে ফাইবারের চাহিদা পূরণে বেদানা ভালো একটি বিকল্প।
কোন ফলে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি?
বেদানা ও আঙুর—দুটিই অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এসব উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে এবং প্রদাহ কমাতে সহায়তা করে।
বেদানার দানা ও রসে পুনিকালাজিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান হৃদ্স্বাস্থ্যের সম্ভাব্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, আঙুরে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো উপকারী উপাদান। বিশেষ করে কালো আঙুরে রেসভেরাট্রল পাওয়া যায়। এই উপাদান হৃদ্স্বাস্থ্যের জন্য সম্ভাব্য উপকারের সঙ্গে সম্পর্কিত হলেও কোলেস্টেরল ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে এর প্রভাব সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।
তাহলে বেদানা নাকি আঙুর, কোনটি খাবেন?
হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য বেদানা ও আঙুর—দুটিই উপকারী ফল। বেদানায় ফাইবার বেশি থাকলেও আঙুরে রয়েছে নিজস্ব পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই একটিকে অন্যটির চেয়ে সব ক্ষেত্রে শ্রেয় বলা যায় না।
সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা, আঙুর, আপেলসহ বিভিন্ন ধরনের ফল রাখা ভালো। পাশাপাশি সুষম খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং অতিরিক্ত লবণ ও অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলাও হৃৎপিণ্ড সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।



