৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন হচ্ছে চট্টগ্রামে

IMG_5948

যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি করতে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকটির সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়েছে। চার লেনের এই সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক রাখা হয়েছে।

চসিক মেয়র জানান, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথক লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়ার পাশাপাশি নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগও বাড়বে।

তিনি আরও বলেন, সাইকেল চলাচলের সুবিধা তৈরি হলে নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনযাপনের প্রবণতাও বাড়তে পারে।

আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশের প্রথম এই সাইকেল ট্র্যাকটি নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Advertisements
Advertisements