৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩
বিশ্ব

ঘেউ ঘেউ করায় পথকুকুরকে গুলি করে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

IMG_5923

ভারতের উত্তর প্রদেশের লখনৌতে মোটরসাইকেলের পেছনে ঘেউ ঘেউ করায় একটি পথকুকুরকে রাইফেল দিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজাজিপুরম এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে তালকাতোরা থানার সি ব্লকে ঘটনাটি ঘটে। ঘটনার পর প্রাণীপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকটি কুকুর তার পেছনে ঘেউ ঘেউ করছিল। কিছুদূর যাওয়ার পর তিনি মোটরসাইকেল থামিয়ে নিচে নামেন। এরপর একটি রাইফেল বের করে তাতে গুলি ভরে একটি কুকুরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

গুলিবিদ্ধ কুকুরটি ঘটনাস্থলেই ছটফট করতে করতে মারা যায়। এ সময় আশপাশে আরও কয়েকটি কুকুর ছিল। একজন ব্যক্তি তার পোষা কুকুর নিয়েও ওই পথ দিয়ে যাচ্ছিলেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও প্রাণী সুরক্ষা সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, কুকুরটিকে গুলি করা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন সেটি বৈধ কি না এবং তার কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements
Advertisements