ফজরের নামাজের শেষ সময় কখন?

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হাদিসে ফজরের নামাজ জামাতে আদায়ের বিশেষ ফজিলতের কথাও বর্ণিত হয়েছে।
অনেকেরই প্রশ্ন থাকে, ফজরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং ঠিক কখন শেষ হয়? আবার ঘুমের কারণে নামাজ ছুটে গেলে কখন তা আদায় করতে হবে—এ নিয়েও নানা ধরনের বিভ্রান্তি রয়েছে।
ইসলামী বিধান অনুযায়ী, সুবহে সাদিকের মাধ্যমে ফজরের ওয়াক্ত শুরু হয়। ভোরের প্রথম আলো যখন পূর্ব আকাশে আড়াআড়িভাবে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন থেকেই ফজরের নামাজের সময় শুরু হয়েছে বলে গণ্য হয়। ভৌগোলিক অবস্থান ও ঋতুভেদে এই সময়ের পরিবর্তন ঘটে। সাধারণভাবে সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে ফজরের ওয়াক্ত শুরু হতে পারে।
ফজরের নামাজের ওয়াক্ত সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকে। অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। তাই সূর্যোদয়ের আগে ফজরের নামাজ আদায় করা জরুরি। ইচ্ছাকৃতভাবে নামাজের সময় একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা উচিত নয়। পর্যাপ্ত সময় হাতে থাকতেই নামাজ আদায় করা উত্তম।
তবে ঘুমের কারণে বা ভুলবশত কারও ফজরের নামাজ ছুটে গেলে তার জন্য আলাদা বিধান রয়েছে। ঘুম থেকে ওঠার পর কিংবা নামাজের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করে নেওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ নামাজ পড়তে ভুলে গেলে অথবা ঘুমের কারণে তা ছুটে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করবে।
এ ক্ষেত্রে সূর্যোদয়ের সময়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সূর্য ওঠার ঠিক সময় নামাজ আদায় করা যায় না। যদি ঘুম থেকে উঠে দেখা যায় সূর্যোদয় শুরু হয়ে গেছে, তাহলে সূর্য পুরোপুরি ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর সাধারণভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ফজরের কাজা নামাজ আদায় করা যায়।
ফজরের নামাজ সময়মতো আদায় করা একজন মুমিনের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ আমল। তাই ঘুমের কারণে নামাজ ছুটে যাওয়া এড়াতে রাতে পর্যাপ্ত ঘুম, অ্যালার্ম দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সূর্যোদয়ের আগেই ফজরের নামাজ আদায় করার অভ্যাস গড়ে তোলা প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকর।



