হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন ও খুলনায় একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ১৪৮ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত বা শনাক্ত হয়েছেন মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।



