৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

bangla-post-20261005082624

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। দিবসটির মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করা এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা আরও সুদৃঢ় করা।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০১ জন শিক্ষক রাষ্ট্রীয় এ সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১০ জন। তাদের মধ্যে সাধারণ শিক্ষায় ৮ জন এবং মাদ্রাসায় ২ জন শিক্ষক রয়েছেন।

Advertisements

মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ মাধ্যমিকে ১০ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন রয়েছেন।

কলেজ পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২৫ জন। তাদের মধ্যে সাধারণ শিক্ষায় ১৫ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন শিক্ষক রয়েছেন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ সম্মাননা পাচ্ছেন ২০ জন শিক্ষক। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।

এছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। তাদের মধ্যে মেডিকেল কলেজের ৫ জন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক রয়েছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষকও এ তালিকায় রয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এবারের সম্মাননার তালিকায় স্থান পেয়েছেন।

গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পৃথক সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরিতে এসব কমিটির সুপারিশ করা প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা আয়োজনের মধ্য দিয়ে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।

Advertisements