গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ, জরুরি সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসরায়েলি হামলার আগে ও পরের গাজার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে জোলি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’
গালফ নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, দীর্ঘ এক পোস্টে জোলি ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে গাজার ব্যাপক ধ্বংসের কথা তুলে ধরেন। তার ভাষ্য, পুরো গাজাজুড়েই ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
জোলি আরও জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছাতে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র গুগল আর্থে অভূতপূর্ব স্পষ্টতায় দেখা যাচ্ছে। শীত আসার আগেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা বেসামরিক মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের ওপরও গুরুত্ব দেন তিনি।



