এক রাতে পরপর তিন ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে শনিবার দিবাগত রাতে অল্প সময়ের ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে ভূমিকম্পগুলো আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এর মৃদু কম্পন ঢাকাসহ দেশের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতেই বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



