প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়ার পরিকল্পনা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন পদ্ধতি চালুর কথা ভাবছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেওয়া হবে। সেই কুপন ব্যবহার করে শিশুরা স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দের খাবার কিনতে পারবে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, মিড-ডে মিল ব্যবস্থায় স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই কুপনভিত্তিক এই পদ্ধতি চালুর চিন্তা করা হচ্ছে। এ জন্য স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীদের সক্ষমতা যাচাই করে তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্ত এসব ব্যবসায়ীর কাছ থেকেই শিক্ষার্থীরা কুপন ব্যবহার করে খাবার কিনতে পারবে।

তিনি জানান, কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে তার পছন্দ অনুযায়ী খাবার না পায়, তাহলে সে সেখান থেকে খাবার কিনতে বাধ্য থাকবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে। অর্থাৎ, শিক্ষার্থীর পছন্দ ও সুবিধাকে গুরুত্ব দিয়েই এই পদ্ধতি পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
তবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, কুপনভিত্তিক মিড-ডে মিল চালুর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা। এ বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া পাঠ্যবইয়ের মান নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে বইয়ের মান যাচাইয়ে পাঁচটি ধাপ অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে কাগজের মানসহ বইয়ের বিভিন্ন বিষয় পরীক্ষা করা হচ্ছে। নির্ধারিত মান পূরণ না করলে সংশ্লিষ্ট বই বাতিল করে দেওয়া হচ্ছে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, এখন পর্যন্ত নিম্নমানের প্রায় ৩০ লাখ বই বাতিল করে ধ্বংস করা হয়েছে। এরপরও কিছু প্রতিষ্ঠান নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সব ধরনের যাচাই-বাছাই শেষে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হলেও পরবর্তীতে কোনো বইয়ের মান খারাপ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বইয়ের মান নিশ্চিত করতে মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।



