অটোমেটিক পিল ডিসপেনসার, ওষুধ খাওয়ার সময় আর ভুল হবে না

ওষুধ খাওয়ার কথা অনেক সময় আমরা ভুলে যাই। আর বয়স্কদের বেলায় তো কথাই নেই। অনেক পরিবারেই সন্তানেরা বয়স্ক মা–বাবার নিয়মিত ওষুধ খাওয়া নিয়ে চেঁচামেচি করেন।
এই সমস্যা সমাধানে বাসায় কিনে আনতে পারেন অটোমেটিক পিল ডিসপেনসার। ছোট্ট এই যন্ত্র ঘরে থাকলে ওষুধ খাওয়ার সময় হলেই অ্যালার্ম বাজিয়ে বা আলো জ্বালিয়ে মনে করিয়ে দেবে। অনেক যন্ত্র আরও একধাপ এগিয়ে—ওষুধ না খেলে নির্দিষ্ট নম্বরে বার্তা পাঠিয়ে জানিয়েও দেবে।
যেভাবে ব্যবহার করবেন
যন্ত্রটির ভেতরে অনেক ভাগে বিভক্ত একটি গোলাকার ট্রে থাকে। রোগীর ওষুধ খাওয়ার সময়সূচি অনুযায়ী প্রতিটি ভাগে নির্দিষ্ট সময়ের ওষুধ রেখে দিতে হয়। পরিবারের সদস্য, পরিচর্যাকারী বা ফার্মাসিস্টের সাহায্যে ওষুধগুলো ট্রেতে সাজিয়ে নিতে পারেন।
ওষুধ সাজানো হয়ে গেলে যন্ত্রটিতে ওষুধ খাওয়ার সময় ও অ্যালার্ম সেট করে নিন। এবার নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজবে ও আলো জ্বলবে। নির্ধারিত সময়ে যন্ত্রের ভেতরের ট্রে ঘুরে ওই সময়ের জন্য রাখা ওষুধটি ঢাকনার নির্দিষ্ট খোলা অংশের সামনে চলে আসবে।
ব্যবহারকারী যন্ত্রটি কাত করলে নির্ধারিত ওষুধ হাতের তালুতে বা ছোট একটি পাত্রে পড়বে। ওষুধ বের হলে সাধারণত অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এরপর ওষুধ খেয়ে যন্ত্রটি আগের অবস্থায় রাখতে হবে। যন্ত্রের ঢাকনা লক থাকায় নির্ধারিত সময়ের আগে অন্য ওষুধ নেওয়া যায় না। ফলে ভুল করে অতিরিক্ত ওষুধ খাওয়ার ঝুঁকি কমে।
কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্র থেকে ওষুধ না নেন, তাহলে বাড়ির অন্য সদস্যের ফোনে (যে নম্বরটি সেট করা হবে) একটি খুদে বার্তা চলে যাবে। সেটা দেখেও তিনি ফোন করে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারবেন।
দাম কেমন
বাংলাদেশেও বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট বিক্রয় প্রতিষ্ঠান ও অনলাইনে অটোমেটিক পিল ডিসপেনসার যন্ত্র কিনতে পাওয়া যায়। ফিচারের ওপর ভিত্তি করে দাম ওঠানামা করে। সাধারণত ৩ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকায় এমন যন্ত্র কেনা যায়।



