দ্রুত নতুন কিছু শেখার ৫ কার্যকর কৌশল

নতুন কোনো বিষয় দ্রুত শেখার দক্ষতা পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা ও কর্মজীবন—সব ক্ষেত্রেই এগিয়ে থাকতে সাহায্য করে। নিয়মিত নতুন কিছু শেখার অভ্যাস চিন্তাশক্তি বাড়ানোর পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তৈরি করে। গবেষণায় এমন কয়েকটি কৌশলের কথা উঠে এসেছে, যেগুলো নতুন বিষয় দ্রুত শেখার পাশাপাশি দীর্ঘদিন মনে রাখতেও সহায়তা করতে পারে।
অন্যকে শেখানোর চেষ্টা করুন
কোনো বিষয় নিজে শেখার পাশাপাশি সেটি অন্য কাউকে বোঝানোর কথা কল্পনা করলেও শেখার প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। অন্যকে শেখানোর প্রস্তুতি নিতে গেলে বিষয়টি নিজের কাছেও পরিষ্কারভাবে বুঝে নিতে হয়। তাই নতুন ভাষা, গণিতের সূত্র কিংবা কোনো কঠিন বিষয় শেখার সময় অন্য কাউকে সেটি বোঝানোর চেষ্টা করা যেতে পারে।
পড়ার মাঝে বিরতি নিন
একটানা দীর্ঘ সময় পড়ার বদলে নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া শেখার জন্য উপকারী। গবেষকদের মতে, প্রায় ৩০ থেকে ৫০ মিনিট মনোযোগ দিয়ে পড়ার পর ৫ থেকে ১০ মিনিট বিরতি নেওয়া যেতে পারে। এতে মস্তিষ্ক কিছুটা বিশ্রাম পায় এবং মানসিক ক্লান্তি কমে। ক্লান্ত অবস্থায় নতুন তথ্য শেখার কার্যকারিতা কমে যেতে পারে।
হাতে লিখে নোট নিন
মোবাইল, ট্যাব বা ল্যাপটপে নোট নেওয়া দ্রুত হলেও হাতে লিখে নোট করার কিছু বাড়তি সুবিধা রয়েছে। প্রিন্সটন ও ইউসিএলের গবেষকদের গবেষণায় দেখা গেছে, হাতে নোট নেওয়া শিক্ষার্থীরা বিষয়বস্তু মনোযোগ দিয়ে শোনা ও মূল তথ্য মনে রাখার ক্ষেত্রে সুবিধা পেতে পারে। অন্যদিকে, টাইপ করার সময় অনেকেই বিষয়টি বোঝার বদলে বক্তার কথা হুবহু লিখে ফেলার দিকে বেশি মনোযোগ দেয়।
পড়ার মাঝে ঘুমকে গুরুত্ব দিন
নতুন তথ্য মনে রাখতে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রান্সে করা একটি পরীক্ষায় নতুন বিদেশি শব্দ শেখানো দুই দলের মধ্যে দেখা যায়, যেসব অংশগ্রহণকারী শেখার পর ঘুমিয়েছিলেন, তারা পরে তুলনামূলকভাবে বেশি শব্দ মনে রাখতে পেরেছিলেন। অর্থাৎ পড়াশোনার মাঝে পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে শেখা তথ্য সংরক্ষণে সহায়তা করতে পারে।
শেখার পদ্ধতিতে পরিবর্তন আনুন
একই বিষয় বারবার একইভাবে অনুশীলন না করে শেখার কৌশলে কিছুটা বৈচিত্র্য আনা যেতে পারে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি পরীক্ষায় দেখা যায়, দ্বিতীয়বার অনুশীলনের সময় কৌশলে কিছুটা পরিবর্তন আনা শিক্ষার্থীরা একই পদ্ধতি ধরে রাখা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করেছিল। তাই পড়াশোনা বা অনুশীলনের সময় মাঝে মাঝে পদ্ধতি বদলে নিলে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং শেখার প্রক্রিয়াও আরও কার্যকর হতে পারে।



