২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

প্রিয় পারফিউমের ঘ্রাণ দীর্ঘদিন অটুট রাখবেন যেভাবে

The-Perfume-Best-For-Ladies-Top-Picks-For-Every-Occasion.jpg_20260111_145918131

প্রিয় পারফিউমের বোতলটি নিয়মিত ব্যবহার করতে করতে একসময় হয়তো মনে হতে পারে, আগের মতো আর ঘ্রাণ ছড়াচ্ছে না। সুগন্ধির তীব্রতা কমে যাওয়ার পেছনে সবসময় পারফিউমের মান দায়ী নয়। অনেক সময় ভুল জায়গায় বা ভুলভাবে সংরক্ষণ করার কারণেও এর ঘ্রাণ ও গুণমানে পরিবর্তন আসতে পারে।

পারফিউমের ভেতরে থাকা সুগন্ধি উপাদান তাপ, আলো, আর্দ্রতা ও বাতাসের সংস্পর্শে সংবেদনশীল হয়ে পড়ে। ফলে দীর্ঘদিন ভালো রাখতে হলে বোতলটি কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে, সেদিকে নজর দেওয়া জরুরি। কিছু সহজ অভ্যাস মেনে চললেই পারফিউমের আসল ঘ্রাণ অনেকটা সময় ধরে বজায় রাখা সম্ভব।

সংগৃহীত

পারফিউম কোথায় রাখবেন

পারফিউম সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো ঠান্ডা, শুষ্ক ও আলো থেকে দূরে থাকা কোনো স্থান। শোবার ঘরের ড্রয়ার এ ক্ষেত্রে বেশ উপযোগী। সেখানে সাধারণত সরাসরি সূর্যের আলো পড়ে না এবং তাপমাত্রার পরিবর্তনও তুলনামূলক কম হয়।

আলমারি বা ওয়ার্ডরোবেও পারফিউম রাখা যেতে পারে। পারফিউম কেনার সময় যে বাক্সটি দেওয়া হয়, সেটি ফেলে না দিয়ে বোতলটি তার মধ্যেই রাখলে আরও ভালো। এতে বাইরের আলো থেকে বোতল কিছুটা সুরক্ষিত থাকে।

অনেকে পারফিউম ফ্রিজে রাখার পরামর্শ দেন। ঠান্ডা ও তুলনামূলক স্থির তাপমাত্রার কারণে বিষয়টির কিছুটা যুক্তি থাকলেও প্রতিদিন ব্যবহার করা পারফিউম ফ্রিজে রাখার বিশেষ প্রয়োজন নেই। বরং ঘরের উপযুক্ত ঠান্ডা ও অন্ধকার স্থানই যথেষ্ট।

বাথরুমে পারফিউম রাখা কেন ঠিক নয়

ব্যবহারের সুবিধার কারণে অনেকেই বাথরুমে পারফিউম রেখে দেন। কিন্তু পারফিউম সংরক্ষণের জন্য এটি মোটেও আদর্শ জায়গা নয়। গোসলের সময় বাথরুমে তাপ ও আর্দ্রতা বেড়ে যায়। আবার কিছুক্ষণ পর তা কমেও যায়। এই ধরনের তাপমাত্রা ও আর্দ্রতার বারবার পরিবর্তন পারফিউমের সুগন্ধি উপাদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Advertisements

একই কারণে জানালার পাশে, বারান্দায় কিংবা এমন কোনো জায়গায় পারফিউম রাখা উচিত নয় যেখানে দিনের বড় একটি সময় সরাসরি সূর্যের আলো পড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি পারফিউমের সুগন্ধি তেলের রাসায়নিক গঠনে পরিবর্তন আনতে পারে।

সংগৃহীত

বোতল খোলার পর যা মনে রাখবেন

পারফিউমের বোতল খোলার পর ভেতরের তরল বাতাসের সংস্পর্শে আসতে শুরু করে। সময়ের সঙ্গে অক্সিজেনের প্রভাবে সুগন্ধির কিছু উপাদানে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। তাই সম্ভব হলে স্প্রে ধরনের বোতল ব্যবহার করা ভালো।

যেসব পারফিউমে ঢাকনা খুলে সরাসরি ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহারের পর অবশ্যই ঢাকনা শক্ত করে লাগিয়ে রাখতে হবে। বোতল খোলা অবস্থায় রেখে দিলে বাতাসের সংস্পর্শ বাড়ে এবং এতে পারফিউমের গুণমান দ্রুত পরিবর্তিত হতে পারে।

ত্বকে পারফিউমের ঘ্রাণ বেশি সময় রাখার কৌশল

পারফিউম শুধু কীভাবে সংরক্ষণ করছেন তা নয়, ত্বকে কীভাবে ব্যবহার করছেন সেটিও ঘ্রাণের স্থায়িত্বে প্রভাব ফেলে। সাধারণত শুষ্ক ত্বকের তুলনায় ময়েশ্চারাইজড ত্বকে সুগন্ধি কিছুটা বেশি সময় ধরে থাকতে পারে।

তাই পারফিউম ব্যবহারের আগে সুগন্ধিবিহীন ময়শ্চারাইজার বা বডি লোশন লাগিয়ে নিতে পারেন। এরপর ত্বক শুকিয়ে গেলে পারফিউম স্প্রে করুন।

পারফিউম দেওয়ার পর দুই কবজি ঘষে নেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এটি না করাই ভালো। ঘর্ষণের ফলে ত্বকে তাপ তৈরি হয়, যা পারফিউমের ওপরের নোট দ্রুত পরিবর্তন করতে পারে। স্প্রে করার পর স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া ভালো।

ঘাড়, কবজি, কানের পেছনে ও কনুইয়ের ভাঁজের মতো পালস পয়েন্টে পারফিউম ব্যবহার করা যায়। শরীরের এসব তুলনামূলক উষ্ণ জায়গা থেকে সুগন্ধি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। চাইলে হাঁটুর পেছনেও অল্প পরিমাণে ব্যবহার করা যায়।

একই ধরনের ঘ্রাণের বডি ওয়াশ, লোশন বা বডি অয়েলের সঙ্গে পারফিউম ব্যবহার করলে ‘লেয়ারিং’-এর মাধ্যমে সুগন্ধি তুলনামূলক দীর্ঘস্থায়ী হতে পারে।

সংগৃহীত

পারফিউম নষ্ট হয়ে গেছে বুঝবেন যেভাবে

সময় গড়ানোর সঙ্গে পারফিউমের রঙে সামান্য পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। তবে রং যদি আগের তুলনায় অনেক বেশি গাঢ় হয়ে যায় বা বাদামি ধরনের হয়ে পড়ে, তাহলে সেটি অক্সিডেশনের সম্ভাব্য লক্ষণ হতে পারে।

ঘ্রাণের পরিবর্তনও পারফিউমের অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। পরিচিত সুগন্ধির পরিবর্তে যদি টক, স্যাঁতসেঁতে কিংবা ভিনেগারের মতো গন্ধ পাওয়া যায়, তাহলে পারফিউমের উপাদানে পরিবর্তন এসেছে বলে ধরে নেওয়া যায়।

এ ছাড়া পারফিউমের তরল অস্বাভাবিকভাবে ঘন হয়ে গেলে বা সিরাপের মতো দেখালে সেটিও গুণমানের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

তাই দীর্ঘদিন প্রিয় পারফিউমের ঘ্রাণ উপভোগ করতে চাইলে সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। বোতল ব্যবহারের পর ভালোভাবে বন্ধ করুন এবং সম্ভব হলে মূল বাক্সের মধ্যেই সংরক্ষণ করুন। এতে পারফিউমের ঘ্রাণ ও গুণমান তুলনামূলক দীর্ঘ সময় ভালো রাখার সুযোগ থাকবে।

Advertisements