২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা

1789874830_6aaf528e4edfc

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর অলঙ্কার বিনিময় বা পুরোনো স্বর্ণের পরিবর্তে নতুন অলঙ্কার কেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

Advertisements

এর মাত্র এক দিন আগে, ২৮ সেপ্টেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়।

আগের নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফায় দাম বাড়ানো হয়েছে, ৬০ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। এবার প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ দফায় রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩৭ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। সে সময় ১০ বার দাম বাড়লেও কমানো হয়েছিল মাত্র তিনবার।

Advertisements