২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
নারী

স্বামীকে কিডনি দিতে দিল্লিতে প্রধান শিক্ষক স্ত্রী

Gournadi-6aba8d2576d66

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে সুস্থ করে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুদাম পাল গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। চিকিৎসার জন্য স্ত্রী মন্দিরা রানী পালকে সঙ্গে নিয়ে বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে শিক্ষক দম্পতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষক দম্পতির এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্দিরা রানী পালের সিদ্ধান্তের প্রশংসা করে তাদের চিকিৎসা সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন। সুদাম পাল ও তার স্ত্রীও দেশবাসীর কাছে চিকিৎসা সফল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন তিনি। বিয়ের পর মন্দিরা রানী পালও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

বর্তমানে এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে পড়ছেন এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

Advertisements

২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন সুদাম পাল। এরপর বাংলাদেশে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভারতের বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা করিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

এরপর উপযুক্ত ডোনারের সন্ধান শুরু হলেও দীর্ঘ সময়েও অন্য কোনো ডোনার পাওয়া যায়নি। একপর্যায়ে স্বামীর চিকিৎসার জন্য নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তারা। আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করার পর চিকিৎসার জন্য ভারতে যান শিক্ষক দম্পতি।

জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গৌরনদী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষক দম্পতি চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে ভারতে গেছেন। সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত—এ বিষয়টি তিনি জানেন। তবে স্ত্রী তাকে কিডনি দান করবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

Advertisements