২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিবিধ

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনের আয়োজন, কারাগারে ৭ জন

Judge.2404120948550

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালত পৃথক আদেশে তাদের কারাগারে পাঠান।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে জন্মদিন পালনের সময় কয়েকজনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা নুরুল হাকিম রাব্বি পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন। পরে কেক কাটার পর একটি বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দিতে গেলে তাকে আটক করা হয়। এরপর ওই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisements