অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

আসন্ন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য সিনেমাটিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে অস্কার বাংলাদেশ কমিটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করেন বিএফএফএসের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।

৯৯তম অস্কারে বাংলাদেশের সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। এগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
এরপর ‘মানুষের বাগান’ সিনেমাটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি চারটি সিনেমা পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। দীর্ঘ বিশ্লেষণের পর কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।
ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
‘রইদ’ নির্বাচিত হওয়ায় সিনেমাটির নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ আসরে সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে বলে আশা প্রকাশ করেছে কমিটি।



