২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

sadia-ayman-20260927104449

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিকমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, একজন মানুষের কর্মস্থলে এমন হামলার ঘটনা কীভাবে মেনে নেওয়া যায়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সাদিয়া আয়মান লিখেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাটির প্রতিবাদ জানাতে গিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’—যাদের জীবনে ভালো কিছু দেখার অভিজ্ঞতা নেই, আর দেখলেও তা মেনে নিতে পারেন না।

নিজের বক্তব্যের শেষাংশে ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক ও ধিক্কারজনক বলেও উল্লেখ করেন সাদিয়া। তবে স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি শুধু পোস্টেই সীমাবদ্ধ থাকেনি। মন্তব্যের ঘরে সমালোচনার মুখেও পড়েন অভিনেত্রী। সেখানে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে আরও কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

সাদিয়া আয়মান দাবি করেন, যাদের উদ্দেশে তিনি মূল পোস্টটি করেছিলেন, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্যের ঘরে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। এসব মন্তব্য সামাজিকমাধ্যমে স্থায়ীভাবে থেকে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এমনকি মন্তব্যকারীদের ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গ টেনে তাদের আচরণের সমালোচনা করেন অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, একদিন তাদের বাবা-মা ও সন্তানরাও সামাজিকমাধ্যমে এসব মন্তব্য দেখতে পারবেন এবং তখন তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠবে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা এবং তা নিয়ে সাদিয়া আয়মানের ধারালো মন্তব্য—দুই বিষয়ই এখন সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে স্টুডিও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ, অন্যদিকে সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অভিনেত্রীর ব্যবহৃত কঠোর ভাষা—সব মিলিয়ে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

Advertisements
Advertisements