২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

খুঁটিতে বাঁধা বাবার পাশে ৯ বছরের মেয়ে, চা-রুটি খাওয়ানোর ভিডিও ভাইরাল

26932f71f640e1eec6761b59ed045b73-6ab8a8eb6c324

চুরির অভিযোগে রাতভর খুঁটির সঙ্গে বাঁধা ছিলেন বাবা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার মাত্র ৯ বছরের মেয়ে। দীর্ঘ সময় আটকে থাকায় দুর্বল বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। পরে পাশের দোকান থেকে চা ও রুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাইয়ে দেয় সে। হৃদয়স্পর্শী এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অনিক সরদার নামের এক যুবককে চুরির চেষ্টার অভিযোগে আটক করে স্থানীয় কয়েকজন। অভিযোগ রয়েছে, পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে রাতভর রাখা হয় এবং নির্যাতন করা হয়। পরদিন শনিবার সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে বামরাইল বাজারে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে। সেখানে গিয়ে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় বাবাকে দেখতে পায় সে। দীর্ঘ সময় খাবার ছাড়া থাকা বাবার দুর্বল অবস্থা দেখে শিশুটি কান্নায় ভেঙে পড়ে। এরপর স্থানীয় একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়াতে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছেন অনিক সরদার। তার পাশে দাঁড়িয়ে রয়েছে শিশুটি। একপর্যায়ে সে বাবার মুখে তুলে দিচ্ছে চা ও রুটি। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ পুরো ঘটনাটি দেখছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অনিক সরদারের বাড়ি বামরাইল বাজারের কাছের কালিহাতি গ্রামে। শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টার অভিযোগে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এরপর তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ ওঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই অভিযোগের সত্যতা যাচাই বা আইনগত প্রক্রিয়ার বদলে একজন মানুষকে এভাবে বেঁধে রেখে নির্যাতনের সমালোচনা করেছেন। তাদের প্রশ্ন, কোনো ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও তার বিচার করার অধিকার কি সাধারণ মানুষের হাতে থাকতে পারে? এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিক সরদারকে ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন। ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements